
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।
গতকাল জাহিদ হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য শেষে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ৯ অক্টোবর এই ট্রাইব্যুনাল জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করা হয়। জাহিদ হোসেন পলাতক থাকায় আবদুস শুকুর খানকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
একাত্তরে ফরিদপুরে স্থানীয়ভাবে ‘খোকন রাজাকার’ নামে পরিচিত জাহিদ হোসেনের বিচার শুরুর আগে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু হয়।