মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে এ আরজি জানায়। আজ বৃহস্পতিবার এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ হতে পারে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জাহিদ হোসেনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
সমাপনী যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান বলেন, একাত্তরে জাহিদ হোসেন পরিচিত ছিলেন ‘খোকন রাজাকার’ হিসেবে। তাঁর অপরাধ এতটা ভয়াবহ ছিল যে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। তাঁর অপরাধের নৃশংসতা সভ্যতার জঘন্যতম নৃশংসতাকেও হার মানিয়েছে।
জাহিদ হোসেনের বিরুদ্ধে গঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের বিষয়েই গতকাল রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। এরপর মোকলেছুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জাহিদ হোসেনের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ করতে পেরেছে। এ জন্য তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান যুক্তি উপস্থাপন শুরু করেন। যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, খোকন রাজাকার ও আসামি এম এ জাহিদ হোসেন এক ব্যক্তি নন। মুক্তিযুদ্ধের পর তাঁর বিরুদ্ধে দালাল আইনেও কোনো মামলা হয়নি। অপরাধের সঙ্গে জড়িত থাকলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে মামলা হতো।
পরে যুক্তি উপস্থাপন আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন, আজ যুক্তি উপস্থাপন সমাপ্তির মাধ্যমে এই মামলার কার্যক্রম শেষ হবে এবং মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হতে পারে।