যুবলীগের নেতা রিয়াজুল হক মিল্কি হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে (টিপু) কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রিমান্ডের আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত এই আদেশ দেন।
গত ২০ আগস্ট জাহিদুল ইসলাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ বি এম সিদ্দিকুর রহমান তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে দেন।
২০১৩ সালের ২৬ জুন রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলিতে নিহত হন মিল্কি। তিনি যুবলীগের ঢাকা দক্ষিণ মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে মিল্কি নামার পর জাহিদ সিদ্দিক তারেক ওরফে কিলার তারেক তাঁকে গুলি করেন। গুলি করার পর সোহেল মাহমুদ নামে এক যুবকের মোটরসাইকেলে করে তারেক পালিয়ে যান।
গত ১৫ এপ্রিল ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে র্যাব। ওই অভিযোগপত্রের বিরুদ্ধে গত ৯ জুন আদালতে নারাজি দাখিল করেন মিল্কির ভাই বাদী মেজর রাশিদুল হাসান খান। এরপর আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি জাহিদুল ইসলাম ও ওহিদুল আলমের নাম অভিযোগপত্রে না থাকায় ওই নারাজি আবেদন করা হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মিল্কির গাড়িচালক মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম, এস এম জাহিদ সিদ্দিক ওরফে তারেক ওরফে কিলার তারেক (ঘটনার পরদিন বন্দুকযুদ্ধে নিহত), শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর মণ্ডল, শহিদুল ইমলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহিম খলিলউল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী ও শরিফ উদ্দিন চৌধুরী। পরে তারেককে বাদ দেওয়া হয়।