জাহিদকে পলাতক ঘোষণা, অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেনকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, জাহিদ হোসেনকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। ট্রাইব্যুনাল মনে করেন, তিনি পলাতক রয়েছেন এবং খুব শিগগির তাঁর হাজির হওয়ার সম্ভাবনা নেই। এ জন্য তাঁর অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে মামলার বিচার শুরু করা হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে ট্রাইব্যুনাল জাহিদ হোসেনের পক্ষে আইনজীবী নিয়োগ দেন। গত ১৮ জুলাই এই ট্রাইব্যুনাল জাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, ধর্মান্তরিত করাসহ মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আনা হয়েছে। নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদ এলাকায় ‘খোকন রাজাকার’ বা ‘খোকন মাতুব্বর’ নামেও পরিচিত। ২০১১ সালে তিনি নগরকান্দার পৌর মেয়র নির্বাচিত হন। কিন্তু মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক।