জাহিদকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেনকে ১৪ আগস্টের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।আদেশে বলা হয়, ওই দিন জাহিদ হোসেন হাজির না হলে ট্রাইব্যুনাল তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করে বিচারিক কার্যক্রম শুরু করবেন।গতকাল এ মামলার কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান বলেন, জাহিদ হোসেন পলাতক থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, জাহিদ হোসেনকে ১৪ আগস্টের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ওই দিন যদি তিনি হাজির না হন, তবে তাঁর পক্ষে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করবেন।১৮ জুলাই এই ট্রাইব্যুনাল জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, ধর্মান্তরিত করাসহ মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আনা হয়েছে। নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদ হোসেন এলাকায় ‘খোকন রাজাকার’ বা ‘খোকন মাতুব্বর’ নামেও পরিচিত।রাষ্ট্রপক্ষ গত ২৩ জুন জাহিদ হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। রাষ্ট্রপক্ষ জানায়, ২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। কিন্তু মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক।