ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার স্থানীয় পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে মো. জাহিদুর রহমানকে সভাপতি ও মো. জিয়াউল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
গতকাল দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওবাইদুল্যাহ মাসুদ, নূর করিম, মমিনুল হক, ফারুক হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবুনুর, সদর উপজেলা বিএনপির সম্পাদক আবদুল হামিদ, পীরগঞ্জ বিএনপির সম্পাদক জিয়াউল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি রাজিউর রহমানসহ ১০টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক।
সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর, ৩০০ ডেলিগেটসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তৈমুর রহমান উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বেলা সাড়ে তিনটায় তৈমুর রহমানের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় ১০টি ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদকসহ পাঁচজন করে মোট ৫০ জনকে নিয়ে জেলা নেতারা আলোচনা শুরু করেন। পরে সন্ধ্যা সাতটায় উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন তৈমুর। এতে মো. জাহিদুর রহমান সভাপতি, মঈনুল হোসেন সহসভাপতি, মো. জিয়াউল ইসলাম সাধারণ সম্পাদক ও রেজওয়ানুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।