জাহিদুল এবার দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে এবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গত বৃহস্পতিবার বিকেলে জাহিদকে কুষ্টিয়ার দৌলতপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ নভেম্বর তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহির হোসেন জানান, জাহিদ প্রথম দফা রিমান্ডে বোমা হামলার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল। আরও জিজ্ঞাসাবাদ করতে গতকাল শুক্রবার জাহিদকে জেলা কারাগার থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়েছে।গত ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজের বাড়িতে হামলায় বোমা বহনকারী আহাদুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমত আলী নিহত হন। এ ঘটনায় সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ চারজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দুটি মামলা করেন। পুলিশ মামলার আসামি জাহিদুল, জামিরুল ইসলাম ওরফে বোমারু মরু, মিন্টু ও ডিকেনকে গ্রেপ্তার করেছে।