জাহিদের জিবে অস্ত্রোপচার সম্পন্ন
সিরাজগঞ্জের শিশু জাহিদের জিবের টিউমার অস্ত্রোপচার হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
মুখের বাইরে জিব নিয়েই জাহিদের জন্ম। আট বছর বয়সী জাহিদ খুব অল্প সময়ের জন্য জিব মুখের ভেতরে রাখতে পারত—এতেই তার দম বন্ধ হয়ে আসে বলে জিব আবার বের করে ফেলত।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক এবং নাক কান গলা বিভাগের অধ্যাপক ইউসুফ ফকির অস্ত্রোপচার করেছেন।
তাঁরা আশা করছেন, এক থেকে দেড় মাসের মধ্যে জাহিদ সুস্থ হয়ে যাবে।
আশরাফ উল হক বলেন, জাহিদের জিবের পাশাপাশি গলার কাছেও সামান্য ফোলা আছে। তবে আজ শুধু জিবের টিউমার অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারে দেড় ঘণ্টার মতো সময় লেগেছে।
জাহিদের সঙ্গে সিরাজগঞ্জেরই আরেক শিশু সবুজেরও অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে পরিবার রাজি না হওয়ায় হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তির পরও সে পরিবারের সঙ্গে বাড়ি চলে গেছে। তার অন্ত্র (নাড়ি-ভুঁড়ি), যকৃৎ, প্লীহা, একদিকের কিডনি—এগুলো পেটের বাইরে (শুধু পাতলা আবরণের ভেতর)। তার বয়স এখন ১৩ বছর।
এই দুই শিশুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আসতে সহায়তা করে ফেসবুক। সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাস মানুষকে সহায়তা করতে বেছে নিয়েছেন ফেসবুকের দেয়াল। সেখানেই তিনি এই দুই শিশুকে নিয়ে পোস্ট দেন। তা চোখে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে কিছু করার নির্দেশ দেন।