জাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে দুজন সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, একাত্তরের মে মাসের শেষ দিকে ফরিদপুরের বাগাট গ্রামে জাহিদ হোসেন তাঁদের নানা ও বাবাকে গুলি করে হত্যা করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মঞ্জুআরা বেগম ও ২২তম সাক্ষী বটু মিয়া জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন জবানবন্দি নেন।
জবানবন্দিতে মঞ্জুআরা বেগম বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে থাকা জাহিদ হোসেন তাঁর নানা (মায়ের বাবা) আমজাদ মুন্সিকে মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন এবং আরও অনেকের সঙ্গে লাইনে দাঁড় করান। পরে জাহিদ হোসেন ও অন্যরা তাঁদের গুলি করে হত্যা করেন। জ্যেষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে ওই ঘটনা ঘটে। ওই দিন গ্রামের ১২-১৩ জনকে হত্যা করা হয়।
বটু মিয়া বলেন, একাত্তরের মে মাসের শেষ দিকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জাহিদ হোসেন ও পাকিস্তানি সেনাদের দেখে প্রাণ বাঁচাতে দৌড় দেন। কিন্তু তাঁর বাবা তাজেল মিয়াসহ পরিবারের তিনজনকে জাহিদ হোসেন গুলি করে হত্যা করে।
জবানবন্দি শেষে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান দুই সাক্ষীকে জেরা করেন। পরে এ মামলার কার্যক্রম ১৮ মার্চ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।