ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি শেষ পর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার এই মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। তিনি জাহিদ হোসেনের বিরুদ্ধে গঠিত ১১টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। পরে যুক্তি উপস্থাপন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হবে। সে ক্ষেত্রে এই মামলায় যুক্তি দেবেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। দুই পক্ষের যুক্তি শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।
ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে এ নিয়ে তৃতীয় মামলার বিচার হচ্ছে। এর আগে একটি মামলায় ট্রাইব্যুনাল-২ জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে একই ট্রাইব্যুনাল অপর এক মামলায় একাত্তরে বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যার দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
কায়সারের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার বিচার) সাক্ষ্য গ্রহণ হয়েছে। এতে সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।