জাহিদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর চান নগরকান্দাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হোসেনের ফাঁসির আদেশের খবর শুনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা তাত্ক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন। ছবি: আলীমুজ্জামান রনি
জাহিদ হোসেনের ফাঁসির আদেশের খবর শুনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা তাত্ক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন। ছবি: আলীমুজ্জামান রনি

‘একাত্তরের ৩১ মে আমার ঠাকুরদা রাজেন্দ্র চন্দ্র রায়কে হত্যা করেছে জাহিদ। জাহিদের ফাঁসি কার্যকর হলে আমরা শান্তি পাব, স্বস্তি পাবে ঠাকুরদার বিদেহী আত্মা।’—কথাগুলো বলছিলেন নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদি গ্রামের রমেশ চন্দ্র রায় (৭৮)।

অন্যদিকে গোয়ালদি গ্রামের আবদুল হান্নান মুন্সী (৬৭) বলেন, ‘এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। জাহিদ বাহিনীর হাতে আমার পাঁচ বছরের বোন বুলু মারা গেছে। ঝাটুকদিয়ায় তাকে মাটি দিয়েছি। জাফরের ফাঁসির রায় কার্যকর হলেই বুঝব, আমার বোনের হত্যার বিচার পেয়েছি।’

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জাহিদ হোসেনের বিরুদ্ধে ৮ নম্বর অভিযোগে রাজেন্দ্র চন্দ্র রায় ও শিশু বুলুকে হত্যার কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক জাহিদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন । তিনি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি। এ রায় হওয়ার পরপরই জেলার নগরকান্দা ও সালথা উপজেলার লোকজন আনন্দ ও স্বস্তি প্রকাশ করে।
জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ১১টি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর অভিযোগের প্রতিটিতে তাঁকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
এ ছাড়া ২ নম্বর অভিযোগে পাঁচ বছর, ৩ নম্বর অভিযোগে ১০ বছর, ৪ নম্বর অভিযোগে ২০ বছর এবং ১১ নম্বর অভিযোগে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
১ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে এই অভিযোগটি থেকে জাহিদকে খালাস দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধকালে কোদালীয়া-শহীদনগর ইউনিয়নের গ্রামে হত্যা করা হয়েছিল ১৬ জনকে (৫ নম্বর অভিযোগ)। সেই ১৬ জনের একজন ছিলেন নূর মাতুব্বর। ভাইকে হারানো ঈশ্বরদী গ্রামের ৬২ বছর বয়সী আবুল কাশেম মাতুব্বর বলেন, ‘জাহিদ বাহিনী আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, হত্যা করেছে ভাই নুরু মাতুব্বরকে। এ রায়ে আমি আনন্দিত। আমি জাহিদের ফাঁসি দেখে মরতে চাই।’

চাঁদহাট বণিক পাড়ায় একাত্তরের ২৭ মে লুটতরাজ, অগ্নিসংযোগ ও ধর্ষণ করে জাহিদ হোসেন ও তাঁর বাহিনীর লোকজন। সেদিন ওই গ্রামে ধর্ষণের শিকার হয়েছিলেন দুই নারী (৪ নম্বর অভিযোগ)। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও অপরজন বর্তমানে ভারতে অবস্থান করছেন। ওই দিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ দত্ত বলেন, ‘আমার মনের আশা পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। দ্রুত এ রায় কার্যকর করা হোক।’

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রায় ঘোষণার পরপরই আনন্দ মিছিল করে নগরকান্দা আওয়ামী লীগ। মিছিলটি আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও প্রত্যক্ষদর্শী হিসেবে মামলার সাক্ষী হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, ‘এ রায় শোনার পর আজ যে আমার কী আনন্দ হচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

এদিকে রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সালথা উপজেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগ-বিএনপি নেতাদের প্রতিক্রিয়া
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, এ দণ্ড কার্যকর হওয়ার মধ্যে দিয়ে কলঙ্কমুক্ত হবে নগরকান্দা।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি গিয়াস মণ্ডল বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে মানবতাবিরোধী কাজ করায় জাহিদের ফাঁসির রায় হয়েছে। আমি মনে করি, রায় যথার্থই হয়েছে।’

নিশ্চুপ জাহিদের পরিবার
জাহিদ হোসেনের ভাই ও নগরকান্দা ক্রিকেট ক্লাবের অধিনায়ক শামসুল হুদার কাছে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ রায় নিয়ে আমাদের পরিবারের কোনো বক্তব্য নেই।’

মৃত্যুদণ্ড পাওয়া জাহিদ হোসেন ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেন। স্বাধীনতার পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১১ সালের ১৭ জানুয়ারির নির্বাচনে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন।