জাড়িতদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের এক কর্মচারীকে মারধর করার ঘটনার প্রতিবাদে ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। গতকাল মঙ্গলবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি কাজ না পেয়ে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই সুজন বিশ্বাস ও তাঁর লোকজন গত সোমবার রাতে পিআইও কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমানকে মারধর ও ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।
এ বিষয়ে সাংসদ ছবি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শুনেছি কতিপয় ঠিকাদারের সঙ্গে পিআইও অফিসের কর্মচারী মিজানুর রহমানের আর্থিক লেনদেন-সংক্রান্ত ঝামেলার জের ধরে ওই ঘটনা ঘটেছে। তবু এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছি।’
প্রত্যক্ষদর্শী, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কলমাকান্দা উপজেলায় পাঁচটি সেতুর দরপত্র আহ্বান করা হয়। সেতুগুলো নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় দুই কোটি টাকা। গত বৃহস্পতিবার এই কাজের সর্বনিম্ন¤দরদাতাদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারি হয়। নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই সুজন বিশ্বাস ও তাঁর লোকজন ওই দরপত্রে অংশগ্রহণ করলেও লটারিতে কোনো কাজ পাননি। এতে তাঁরা পিআইও কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত হন।
অফিস সহকারী মিজানুর রহমান অভিযোগ করেন, লটারির পর থেকে সুজন বিশ্বাস ও তাঁর লোকজন লটারির ফলাফল বাতিল করে অনৈতিকভাবে তাঁদের কাজ পাইয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু এতে রাজি না হওয়ায় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্যালয়ে গিয়ে তাঁরা তাঁকে মারধর ও কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
এ ঘটনায় মিজানুর রহমান রাতেই কলমাকান্দা থানায় সুজন বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা করেন। মামলায় সুজন বিশ্বাসকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় রাত নয়টার দিকে অভিযান চালিয়ে আওয়াল ও উত্তম নামে দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘ঠিকাদারি কাজ না পেয়ে কর্মচারীকে মারধর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে কলমাকান্দা উপজেলা শাখার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে কর্মচারীরা কর্মবিরতিসহ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কলমাকান্দা থানার ওসি মাহবুবুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুজন বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইউএনও মো. সাইদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমন্বয় পরিষদের নেতাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।