জায়গা উদ্ধার করে স্কুল ও ডাকঘর নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগদাপাড়ায় নির্মাণাধীন ৫০০ শয্যার হাসপাতালের দক্ষিণে সাড়ে তিন বিঘা জমি দখলের প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুগদাপাড়া নাগরিক কমিটি। বর্তমান মাছের আড়ত ও কবরস্থানের পাশে এ জায়গা অবস্থিত। শিশু-কিশোরসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। হাসপাতালসংলগ্ন সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুগদা এলাকার এই খাসজমি দখলমুক্ত করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শাখা, ডাকঘর ও ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা বলেন, জোট সরকারের সময় এই জমি বেকার যুবক সমিতির নামে মাত্র এক কোটি ২৮ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। যদিও জমির প্রকৃত মূল্য ছিল কমপক্ষে ৫০ কোটি টাকা। যাঁদের বেকার যুবক বলা হয়েছে, তাঁদের বেশির ভাগই এলাকার ধনাঢ্য ব্যক্তি ও জোট সরকারের নিজস্ব লোক ছিলেন বলে সমাবেশে উল্লেখ করা হয়। সমাবেশে বক্তব্য দেন মুগদাপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের স্থানীয় নেতা বি এম সিরাজুল হক, আলমগীর চৌধুরী, মোশাররফ হোসেন, এম এ জলিল প্রমুখ।