রাজধানীতে কোরবানির পশু জবাইয়ের জন্য জায়গা নির্ধারিত করে দেওয়ার বাইরে তেমন কোনো সহায়তা দেবে না ঢাকার দুই সিটি করপোরেশন। উদ্যোগটি ইতিবাচক মনে করলেও নাগরিকেরা এতে ভোগান্তির আশঙ্কা করছেন।
এ কারণে প্রথমবারের মতো এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে জানান, তাঁরা আশা করছেন নতুন এই উদ্যোগে যথেষ্ট সাড়া পাওয়া যাবে। এই উদ্যোগকে তাঁরা একটি মাইলফলক হিসেবে দেখতে চান। তিনি বলেন, সিটি করপোরেশন যেহেতু শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছে না, তাই নির্দিষ্ট জায়গায় কোরবানির পশু জবাই বাধ্যতামূলক করা হচ্ছে না। কিন্তু তাঁরা চান, সবাই যেন নিজ উদ্যোগে নির্দিষ্ট জায়গায় পশু জবাই করতে নিয়ে যান।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীর যেখানে-সেখানে কোরবানির পশু জবাই না করার অনুরোধ করে এবারই প্রথম ঢাকার দুই সিটি করপোরেশন ৫৯৮টি স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে দক্ষিণে ৩২৭টি ও উত্তরে ২৭১টি। উত্তরে প্রথমে ২০৮টি স্থান নির্ধারণ করা হলেও গতকাল রোববার তা বাড়িয়ে ২৭১টি করা হয়েছে।
রাজধানীতে কোরবানির পশু জবাই করবেন—এমন বেশ কয়েকজন নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অনেকে এখনো এই উদ্যোগটি সম্পর্কে ভালোভাবে জানেন না। পশু জবাই কে করবে, কাটাকুটি, মাংস বাসায় নেওয়া, নিরাপত্তাব্যবস্থা, বৃষ্টি হলে কী হবে—এসব নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। আবার এই উদ্যোগকে অনেকে স্বাগতও জানিয়েছেন।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফরিদা পারভীন প্রথম আলোকে বলেন, ‘বায়তুল আমান হাউজিংয়ে আমার বাসা। আমাদের জন্য কোরবানির জায়গা নির্ধারণ করা হয়েছে মনসুরাবাদ হাউজিংয়ে, যা আমার বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে। আমার নিজস্ব গাড়ি নেই, এত দূর থেকে মাংস বাসায় নিয়ে আসা সম্ভব?’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জবাইয়ের স্থানে পশু জবাই করার জন্য হুজুর থাকবেন। মাংস কাটার জন্য সবাইকে নিজেদের লোক নিয়ে আসতে হবে। তবে সিটি করপোরেশনও সব জায়গায় ‘অ্যাডিশনাল’ হিসেবে এক বা একাধিক কসাই রাখবে। মাংস নেওয়ার জন্য রিকশা বা ভ্যানও পর্যাপ্ত থাকবে। তবে এসবের জন্য ব্যক্তিকে খরচ বহন করতে হবে।
অবশ্য ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেছেন, সবার বাসায় মাংস নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়।
জবাইয়ের জায়গা ঠিক করার বাইরে সিটি করপোরেশন আর কী সহায়তা দেবে—জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব উদ্দিন ভূঁইয়া বলেন, কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য সরঞ্জাম দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’
নতুন এই উদ্যোগ নিয়ে নাগরিকদের সচেতন করা প্রসঙ্গে দুই সিটি করপোরেশনই বলেছে, ইতিমধ্যে প্রচারের কিছু কাজ শুরু হয়েছে। সব এলাকায় লিফলেট দেওয়া, মসজিদে ঘোষণা দেওয়া এবং ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়টি সবাইকে জানাতে বলা হয়েছে। জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা করা হবে। এ ছাড়া আজ সোমবার থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে। কোরবানির জন্য যেসব জায়গা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ আছে। আছে ব্যস্ত রাস্তা। এ প্রসঙ্গে বিপন কুমার সাহা জানান, বৃহত্তর স্বার্থে ছোট কিছু ক্ষতি মেনে নিতে হয়। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো আগের অবস্থায় এনে দেবেন। তিনি বলেন, মানুষ পরিবর্তন সহজে মেনে নেয় না। কিছু সমস্যা থাকবে, এর মধ্যেও এগিয়ে যেতে হবে।