জায়গা ঠিক হলেই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। এখন জায়গা ঠিক করতে পারলেই খুব শিগগির এর ভবনের নির্মাণকাজ শুরু হবে। এই সরকারের মেয়াদেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সেখানে চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রোগীদের প্রতি মমতা ও নিষ্ঠা না থাকলে শুধু যন্ত্রপাতি ও ভবন দিলেই হবে না। চিকিৎসকদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। নইলে স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি ধরে রাখা যাবে না। সীমাবদ্ধতার মাঝেও চিকিৎসকদের দায়িত্ব পালন করে যেতে হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহম্মদ নুরুল হক ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান।
মন্ত্রী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিদের কাছ থেকে তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তখন একাধিক সিভিল সার্জন নিজ নিজ এলাকায় চিকিৎসক, সেবিকা, অ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতি-সংকটের কথা তুলে ধরেন।
এরপর মোহাম্মদ নাসিম বলেন, জনবল সমস্যা অনেক দিনের। বিষয়টি নির্ভর করছে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের ওপর। তিনি এ ব্যাপারে কাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে বসবেন। হয়তো লোকবল সমস্যার সমাধান কিছুটা করা যাবে। আর অ্যাম্বুলেন্সসহ অন্য যেসব সংকট রয়েছে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
জনবলসংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেড় লাখ পদ সৃষ্টি করা হলেও অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। অর্থমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে বসে বিষয়টির একটি সুরাহা করবেন।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক মো. শরীফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ বক্তব্য দেন।
মতবিনিময় শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ছয় শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন।