জায়গা দখল করে সড়ক ও নালা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিরুদ্ধে নগরের পশ্চিম ফিরোজশাহ এলাকায় জায়গা দখল করে সড়ক ও নালা নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘পশ্চিম ফিরোজশাহ এলাকাবাসী’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শহিদুল ইসলাম। তিনি নিজেকে ক্ষতিগ্রস্ত ভবন মালিক হিসেবে পরিচয় দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আশরাফুল হক, মাহবুবুর রহমান ও আজাদ হক।
লিখিত বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, সিটি করপোরেশন জাইকার অর্থায়নে পশ্চিম ফিরোজ শাহ এলাকায় সড়ক ও নালা নির্মাণ করছে। নির্মাণাধীন সড়কের প্রস্থ ২৪ ফুট এবং সড়কের দুই পাশে ছয় ফুট করে নালা নির্মাণ করা হচ্ছে। কিন্তু এ জন্য জনগণ ও সরকারি সম্পত্তি জবরদখল করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তবে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ অস্বীকার করেছেন সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁদের (এলাকাবাসী) অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কারও জায়গা দখল করে সড়ক ও নালা নির্মাণ করা হচ্ছে না। বরং সিটি করপোরেশন নিজের দুই ফুট জায়গা ছেড়ে দিয়ে ৩৮ ফুট জায়গার ওপর নালা ও সড়ক নির্মাণ করছে।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম অভিযোগ করেন, কোনো নোটিশ না দিয়ে প্রায় দুই মাস আগে স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্মাণকাজ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাঁদের ভয়ভীতি দেখান।