জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ
রেলওয়ের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের আওতায় ব্যক্তিমালিকানাধীন ভূমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক বালু দিয়ে ভরাটের চেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামবাসী। গতকাল শনিবার বিকেলে দেবগ্রাম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে এ সমাবেশ হয়।
আখাউড়া বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, রেলওয়ে নতুন লাইন করার ক্ষেত্রে তাঁদের আপত্তি নেই। তবে ভূমি অধিগ্রহণ করে কাজ করার কথা। তা না করে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। অধিগ্রহণ না করে কাজ করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
মো. আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো চিঠি না পাওয়া পর্যন্ত কোনো জায়গায় মাটি ফেলতে দেওয়া হবে না।
তমা গ্রুপের প্রকল্প প্রকৌশলী শাহরিয়ার রহমান বলেন, নিয়ম মেনেই রেলওয়ের জায়গায় কাজ করা হচ্ছে। এক বছর আগেই রেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়। ভূমি অধিগ্রহণ করবে সরকার।