জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরতলির বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকায় বিরোধপূর্ণ জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত চার ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যেই ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা ছিলেন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাঁদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। কুলগাঁও এলাকায় ১১ শতাংশ জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই জায়গা নিয়ে গতকাল জনৈক কামাল ও জাহাঙ্গীরের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার অনুসারীরা বিভক্ত হয়ে কামাল ও জাহাঙ্গীরকে মদদ দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ শতাংশ জায়গার দখল নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে কয়েক মিনিট পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই জায়গা কামালের দখলে ছিল বলে জানা গেছে। জাহাঙ্গীরও তা দখলের চেষ্টা করে আসছেন। গতকাল সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই পক্ষই দ্রুত সটকে পড়ে।