জায়গা নিয়ে বিরোধে মেয়েটির কলেজে যাওয়া বন্ধ!
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার একটি মেয়ের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকির মুখে মেয়েটি কলেজে যেতে পারছে না। এর আগে মেয়েটিকে অপহরণের হুমকি ও সড়কে প্রকাশ্যে ধাওয়া করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় করা মামলার বিবরণ অনুযায়ী, পৌর এলাকার উত্তর মৌড়াইলের দীপক বণিকের প্রতিবেশী নুরুল ইসলাম। দীপক বণিকের বাড়ির সামনে পারিবারিক রাস্তার ওপর প্রায়ই নুরুল ইসলামের পরিবারের লোকজন ময়লা ফেলে। এমনকি তাঁর (দীপক) জায়গার ওপর বাড়ির সানশেড নির্মাণ করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় গত ২৫ জুলাই নুরুল ইসলাম ও তাঁর লোকজন দীপকের বাড়িতে হামলা চালান। মঙ্গলবার দীপক বণিক অভিযোগ করে বলেন, ‘আসামি পক্ষের লোকজন আমার মেয়েকে অপহরণের হুমকি দিয়েছে। তাই সে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।’ গত ২৬ জুলাই মামলা হওয়ার পর ২৯ জুলাই মেয়েটি কলেজে যাওয়ার পথে নুরুল ইসলামের ভাতিজা আল-আমিন তাকে ধাওয়া করে। এ অবস্থায় মেয়েটি কলেজে যাওয়া-আসা করতে পারছে না। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আসামিরা পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’