জায়গা হারাচ্ছে বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৪৮ বছর পর রাজশাহী নগরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেদখল হওয়ার উপক্রম হয়েছে। আদালত থেকে ডিক্রি নিয়ে এসে স্থানীয় এক ব্যক্তি এখন দাবি করছেন, বিদ্যালয়ের পুরো জমিটাই তাঁদের।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আবদুল কাদের নামের যে ব্যক্তি বিদ্যালয়ের জমি নিজেদের বলে দাবি করছেন, তাঁর বাবা আবদুল জব্বারকে বিদ্যালয় মাঠের এক পাশে অস্থায়ী ঘর করতে দেওয়া হয়েছিল। জব্বার মারা যাওয়ার পর তাঁর ছেলে কাদের কাগজ জাল করে এখন বিদ্যালয়ের পুরো জমিই নিজেদের দাবি করছেন।
কাদের বলেন, তাঁর বাবা আশির দশকে মারা গেছেন। তাঁর বাবা করিমনদের কাছ থেকে ওই জমি পত্তন নিয়েছিলেন। এসএ খতিয়ান তাঁর বাবার নামে হয়েছে। তবে আরএস খতিয়ানটি ভুলবশত রাজশাহী পৌরসভার নামে হয়েছে। আদালতে মামলা করে তিনি পাঁচটি ডিক্রি পেয়েছেন। সর্বোচ্চ আদালতও তাঁর পক্ষেই রায় দিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জমশেদ আলী বলেন, ১৯৬৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। সিএস খতিয়ানে এই জমির মালিক হচ্ছেন করিমুন নেছা বিবি, আরিমন নেছা বিবি এবং মতি বেওয়া। এসএ খতিয়ান ও আরএস খতিয়ানে জমির মালিক রাজশাহী পৌরসভা (বর্তমানে সিটি করপোরেশন)।
জমশেদ বলেন, জব্বারের মৃত্যুর পর ১৯৯৫ সালে তাঁর ছেলে কাদের প্রথম বিদ্যালয়ের জমিটির মালিকানা দাবি করেন। এ নিয়ে ওই বছরের ২২ জুলাই একটি সালিস হয়। সালিসে কাদের বিদ্যালয়ের সীমানার ভেতরে আসবেন না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাঁরা বিদ্যালয়ের আঙিনার ভেতরে জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওয়াস ব্লক নির্মাণ করতে গেলে আবদুল কাদের তাঁদের বাধা দেন। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও মিস্ত্রির বিরুদ্ধে আদালতে মামলা করেন।
প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, যে এসএ খতিয়ানের বলে আবদুল কাদের বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করছেন, বিদ্যালয়ের ফাইলে তিনি সেই খতিয়ানও খুঁজে পাচ্ছেন না। খতিয়ানের জন্য সরকারি দপ্তরে আবেদন করেও তা পাচ্ছেন না।
সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সঙ্গে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে তাঁদের মহাফেজখানায় পাঠান। সেখানে গিয়ে দেখা গেছে, একটি পুটলিতে এসএ খতিয়ান বাঁধা রয়েছে। যার ভেতরের সব কাগজই টুকরো টুকরো করে ছেঁড়া। সেখান থেকে কিছুতেই খতিয়ান খুঁজে বের করা সম্ভব নয়। এরপর বোয়ালিয়া ভূমি অফিসে যোগাযোগ করে সেখানেও এসএ খতিয়ানের কাগজ ছেঁড়াখোড়া অবস্থায় পাওয়া যায়।
ওই বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা নূর মোহাম্মাদ (৯৫) বলেন, ‘কাদেরের বাবা কোনো দিন আমাদের সামনে বলেনি, এ জমি তাঁর। এখনো তাঁর ছেলে আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না।’
প্রবীণ নসিম উদ্দিন বলেন, তাঁরা এই বিদ্যালয়টি নির্মাণ করেছেন। জায়গাটা নিচু ছিল। তারাই ভরাট করেছেন। কাদেরের বাবার বাড়ি করার জায়গা ছিল না। তাই মাথা গোঁজার জন্য অল্প একটু জায়গায় তাঁকে থাকতে দেওয়া হয়। এখন নকল কাগজ জোগাড় করে আদালতে মামলা করেছেন কাদের। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এই ফাঁকে কাদের ডিক্রি নিয়ে এসেছেন।