জায়গাটি আসলে কার?
সিলেট নগরের কুমারপাড়া এলাকায় দুই মাস ধরে সিটি করপোরেশনের স্টাফ কোয়ার্টার ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে এলাকার একটি পরিবারের সদস্যরা জায়গাটি তাঁদের মালিকানাধীন দাবি করে ভবন নির্মাণ না করতে কর্তৃপক্ষকে আইনজীবীর মাধ্যমে নোটিশ দিয়েছেন।
গতকাল রোববার সকালে নির্মাণকাজ চলার সময় উত্তরাধিকার দাবিদার আলী হায়দারের নেতৃত্বে কুমারপাড়া এলাকায় শতাধিক লোক নির্মাণকাজ বন্ধ করার দাবি জানান। এ অবস্থায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে নির্মাণকাজ তদারকের সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই জায়গাটি সিটি করপোরেশনের দখলে রয়েছে। যাঁরা জায়গাটির উত্তরাধিকার হিসেবে নিজেদের দাবি করছেন, তাঁরা সঠিক নন।
সিটি করপোরেশন ও মালিকানা দাবি করা ব্যক্তিদের পক্ষ থেকে জানা যায়, নগরের কুমারপাড়া এলাকায় ১০ শতক জায়গার ওপর গত মার্চ মাসে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দুই কোটি টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট স্টাফ কোয়ার্টার নির্মাণকাজ শুরু করেন। ৪ মার্চ নগরের সওদাগরটুলা এলাকার আলী হায়দারসহ তাঁর পরিবারের ১৩ জন সদস্য ওই জায়গাটিতে তাঁদের মালিকানা দাবি করে কর্তৃপক্ষকে ভবন নির্মাণ না করতে অনুরোধ জানান।
মালিকানার দাবিদার আলী হায়দার অভিযোগ করেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ জোর করে তাঁদের জায়গায় কোয়ার্টার নির্মাণ করছে। এ স্থানটি ১৯৫৬ সালের এসএ রেকর্ডে তাঁদের দাদার নামে উল্লেখ আছে। এ ছাড়া তাঁরা সে সময় থেকে এ পর্যন্ত বিধি অনুযায়ী স্থানটির খাজনাও দিয়ে আসছেন। এ জায়গার স্বপক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো কাগজপত্র নেই। তাই নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই তাঁরা এটি বন্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেন।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, জায়গাটি ১৯৬৫ সালের দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অধিগ্রহণ করেছিল। এর কয়েক বছর পর এটি তাঁরা তৎকালীন পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করে। তখন থেকেই সিটি কর্তৃপক্ষ জায়গার ভোগদখল করে আসছে। শুধু এসএ রেকর্ডের একটি কাগজের মাধ্যমে দাবিদারেরা ওই জায়গাটির মালিকানা দাবি করছেন।
তিনি আরও বলেন, বিবাদমান স্থানটিতে অনেক আগে থেকেই সিটি করপোরেশনের স্টাফ কোয়ার্টার ছিল। তাই এটি সংস্কার করে নতুন কোয়ার্টার নির্মাণকাজ চলছে। তবে হঠাৎ করেই কয়েকজন জায়গাটির মালিকানা দাবি করেছেন। গতকাল এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাঁরা নির্মাণকাজে বাধা দেন। ঘটনাটি থানা-পুলিশকে লিখিতভাবে জানানো হবে।