জায়গার দখল নিয়ে সংঘর্ষ তিনজন আহত
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন চন্দ্রনগরে বিরোধপূর্ণ জায়গার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন আইনজীবীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর থেকে দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত আড়াই শতাধিক ব্যক্তি সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিরা হলেন আইনজীবী ও বিএনপির নেতা মিজানুল হক চৌধুরী, আওয়ামী লীগের সমর্থক আহমদ হোসেন ও তাঁর এক সহযোগী। তিনজনই ইটের আঘাতে আহত হন। মিজান গত জাতীয় সংসদ নির্বাচনে চন্দনাইশ এলাকা থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে আহমদ হোসেন তাঁর লোকজন নিয়ে চন্দ্রনগরের বিরোধপূর্ণ ১০ একর জায়গা দখলে নিতে যান। ওই জায়গা বিএনপির নেতা ও আইনজীবী মিজানুর রহমানের দখলে রয়েছে। সেখানে ঘরবাড়ি তুলে দীর্ঘদিন ধরে মিজান ভাড়া আদায় করছিলেন বলে জানা যায়।জানা যায়, আহমদ হোসেনের সমর্থকেরা হামলা শুরু করলে মিজান ও তাঁর ভাড়াটিয়ারা প্রতিরোধ গড়ে তোলেন। এ অবস্থায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে আহমদ হোসেনের সমর্থকেরা মিজানকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে এবং বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত হরে। তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূর নবী প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি। আমরাও কাউকে গ্রেপ্তার করিনি।’