ব্রিলিয়ান্ট হীরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনু জায়গিরদারের প্ররোচনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পারভীন আক্তার আঁখি ওরফে কণিকা আত্মহত্যা করেছেন। অনু জায়গিরদার রিমান্ডে পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন। গত সোমবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩/বি রোডের ১ নম্বর বাড়ির বি/২ নম্বর ফ্ল্যাট থেকে কণিকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ কণিকার বন্ধু ও ব্রিলিয়ান্ট হীরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরাসি নাগরিক অনু জায়গিরদারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। গতকাল বুধবার ছিল রিমান্ডের প্রথম দিন। মামলা তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, চট্টগ্রামের এনায়েতনগরের জামতলার কণিকা ২০০০ সালে মাধ্যমিক পাস করার পর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩১ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অনু জায়গিরদারের প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে চাকরি নেন। তিন বছরের মাথায় কণিকা ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে উন্নীত হন। কণিকা উত্তরায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই বাসায় অনুও থাকতেন। তাঁরা দুজনে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন। এর পরিপ্রেক্ষিতে অনুকে বিয়ে করার চাপ দেন কণিকা। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে এ নিয়ে অনু ও কণিকার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কনিকা নিজের হাতে ব্লেডের পোঁচ দিয়ে রক্ত ঝরিয়ে ফেলেন। রাতেই কণিকা নিজঘরে আত্মহত্যা করেন। এ ঘটনায় কণিকার মা রাশিদা বেগম বাদী হয়ে উত্তরা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় অনুকে পুলিশ গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়।