জি এম কাদেরকে এবার কারণ দর্শানোর নোটিশ দিলেন এরশাদ
‘সতর্কীকরণ’ নোটিশ দেওয়ার পরদিন ‘কারণ দর্শানোর’ নোটিশ দেওয়া হয়েছে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে৷ গত মঙ্গলবার দলের চেয়ারম্যান ও ভাই এইচ এম এরশাদ এ নোটিশ দেন৷ আগামী সাত দিনের (৩ জুন) মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷
এবার নোটিশ দেওয়া হয়েছে আরেকটি দৈনিকে লেখা নিবন্ধে কিছু মন্তব্যের জন্য৷ ‘জাতীয় পার্টির রাজনীতি ও বর্তমান পরিস্থিতি’ শিরোনামে গত ২৭ মে একটি জাতীয় দৈনিকে স্বনামে নিবন্ধ লেখেন জি এম কাদের৷ সেখানে তিনি লেখেন, ‘বাস্তবতার নিরিখে বিচার করতে গেলে জনগণের পক্ষ থেকে নয়, বরং আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের বিরোধী দল হিসেবে গণ্য হওয়ার জন্য ম্যান্ডেট লাভ করেছে জাতীয় পার্টি৷’
এ বক্তব্যকে দলের শৃঙ্খলা-পরিপন্থী উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘নিবন্ধে আপনি যে মন্তব্য ও বক্তব্য প্রকাশ করেছেন, তা জাতীয় পার্টি গ্রহণ করে না৷ আপনার নিশ্চয় স্মরণ আছে, এজাতীয় দলীয় শৃঙ্খলা-পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য ইতিপূর্বে আপনাকে একবার পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷ এবার সন্তোষজনক জবাব পাওয়া না গেলে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া বলে বিবেচিত হবে।’
এর আগে ২৫ মে প্রথম আলোয় ‘একসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা যায় না’ শীর্ষক একটি সাক্ষাৎকার দেন জি এম কাদের৷ তাতে দলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি৷ পরদিন তাঁকে সতর্ক করে নোটিশ দেন এরশাদ৷