জি এম কাদেরকে সতর্ক করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এই নোটিশ দেন।

জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ২৫ মে প্রথম আলোয় ‘একসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা যায় না’ শীর্ষক সাক্ষাত্কারে দেওয়া বক্তব্যের কারণে জি এম কাদেরকে এই নোটিশ দেওয়া হয়। ওই সাক্ষাত্কারে জাপার একই সঙ্গে মন্ত্রিসভায় ও বিরোধী দলে থাকাকে সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক ও অবাস্তব’ বলে মন্তব্য করেন জি এম কাদের। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে দলের ‘জুনিয়র নেতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাবলুকে মহাসচিব করায় দলে অনেক বিতর্ক এসেছে।’
জি এম কাদেরকে নোটিশ দেওয়ার বিষয়টি দলের কোনো পর্যায়ের নেতা স্বীকার করেননি। তবে জি এম কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র নোটিশ পাওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছে।
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করলে ‘বলতে পারব না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ।