দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারের কিছু বক্তব্যের জন্য জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে দলের নীতি ও শৃঙ্খলা-পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গত সোমবার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এই নোটিশ দেন।
গত ২৫ মে ‘একসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা যায় না’ শীর্ষক শিরোনামে প্রথম আলোতে জি এম কাদেরের একটি সাক্ষাত্কার প্রকাশিত হয়৷ ওই সাক্ষাৎকারে জাপার একই সঙ্গে মন্ত্রিসভায় ও বিরোধী দলে থাকাকে সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক ও অবাস্তব’ বলে মন্তব্য করেন জি এম কাদের।
সাক্ষাত্কারে একটি প্রশ্ন ছিল, ‘অভিযোগ আছে যে এরশাদ নন, জাপা চালায় সরকার৷ যেমন মন্ত্রিত্বপ্রত্যাশী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর মহাসচিব হওয়া৷ দুধের স্বাদ দুধেই৷’ এর জবাবে জি এম কাদের বলেন, ‘এটা ঠিক, উনি অনেক জুনিয়র, তাঁকে মহাসচিব করায় দলে অনেক বিতর্ক এসেছে৷ সরকার জাপাকে, বিশেষ করে তার সংসদীয় দলকে শাসন “ডমিনেট” করছে৷ এর ওপর এরশাদের মুঠো আলগা হয়ে যাচ্ছে৷’
নোটিশে এ বক্তব্যের উল্লেখ করে বলা হয়, ‘জাপার একজন নীতিনির্ধারক নেতা হিসেবে আপনার এই বক্তব্য দলীয় শৃঙ্খলার সরাসরি পরিপন্থী৷ যেমন, জাপার সংসদীয় দলকে সরকার শাসন করছে, এ কথা আপনি বলতে পারেন না৷ তা ছাড়া জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দলের কোনো জুনিয়র নেতা নন৷ রাজনৈতিকভাবে আপনিও বাবলুর অনেক জুনিয়র৷ চেয়ারম্যান হিসেবে আমি তাঁকে গঠনতান্ত্রিকভাবে মহাসচিব নিয়োগ করেছি৷ তাঁর নিয়োগ নিয়ে দলে কোনো বিতর্ক নেই৷’