জি এম কাদেরের বক্তব্যে ক্ষুব্ধ বাবলুর মঞ্চ ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকার কড়া সমালোচনা করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের৷ দলের দ্বিমুখী অবস্থান বোঝাতে গিয়ে তিনি বলেছেন, ‘কেউ যদি দাবি করে আমি নিজেই স্বামী, নিজেই স্ত্রী—তাহলে সেটা কোনো পরিপূর্ণ সংসার হয় না৷ অথবা আপনি উরুগুয়ের স্ট্রাইকার, ইতালিরও গোলকিপার—এভাবে তো খেলা হয় না৷’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে জাতীয় মত্স্যজীবী পার্টির প্রতিনিধি সম্মেলনে জি এম কাদের এ কথাগুলো বলেন৷ তাঁর এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান-মঞ্চ ছেড়ে চলে যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু৷ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এ সময় মঞ্চে ছিলেন৷ পরে হইচইয়ের মধ্যে মত্স্যজীবী পার্টির সম্মেলনও পণ্ড হয়ে যায়৷ অবশ্য তার আগে এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য দেন৷
পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতির কক্ষে গিয়ে এরশাদ দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও ভাই জি এম কাদেরকে ডাকেন৷ সেখানেও সরকারবিরোধী বক্তব্য দেওয়া নিয়ে দুই নেতা বিতর্কে জড়িয়ে পড়েন৷
এর আগে প্রথম আলোসহ আরেকটি দৈনিকে দেওয়া দুটি সাক্ষাৎকারে জি এম কাদের জাপার একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকার কড়া সমালোচনা করেছিলেন৷ এরপর তাঁর বিরুদ্ধে দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে প্রথমে সতর্ক ও পরে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়৷
গতকালের সম্মেলনে জি এম কাদেরের আগে বক্তব্য দেন জাপার সংরক্ষিত আসনের নারী সাংসদ খুরশীদা হক৷ তিনি বলেন, ‘এখানে রওশন এরশাদকে দেখতে পেলে ভালো লাগত৷ তিনি না হলে কোনোদিন এমপি হতে পারতাম না৷ কারণ, এমপি হতে পাঁচ কোটি টাকা লাগে৷ তিনি আমাকে বিনে পয়সায় এমপি বানিয়েছেন৷’
এ সাংসদ আরও বলেন, ‘রওশন এরশাদের উদ্যোগে যদি আমরা নির্বাচনে না যেতাম, তাহলে দেশের ভবিষ্যৎ কী হতো কেউ জানে না৷’
খুরশীদা হকের এ বক্তব্যে এরশাদ বিরক্ত হন৷ তিনি জিয়াউদ্দিন বাবলুকে দিয়ে বক্তব্য দ্রুত শেষ করার বার্তা পাঠান৷ এরপর বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হয় জি এম কাদেরের৷ কিন্তু তিনি বসে থাকেন৷ জি এম কাদেরকে দলে মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর চেয়ে জ্যেষ্ঠ বিবেচনা করা হয়৷ মাইকে চারবার নাম ঘোষণার পর মহাসচিসহ নেতা-কর্মীদের আহ্বানে বক্তব্য দিতে যান জি এম কাদের৷
জি এম কাদের বলেন, বিরোধী দল হলে তো সত্যিকার অর্থে বিরোধী দল হতে হবে৷ কিন্তু সরকারের সঙ্গে থেকে আবার বিরোধী দল হিসেবেও থাকা জাতীয় পার্টির জন্য অনৈতিক৷ তিনি বলেন, ‘কী প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে এবং এ সরকার ক্ষমতায় আছে, এটা সবারই জানা আছে৷ সরকারের আইিন ভিত্তি দুর্বল৷ আওয়ামী লীগ জনগণের আস্থায় ক্ষমতায় আছে বলে আমি মনে করি না৷ নিজেদের নৈতিক অবস্থান যে দুর্বল, এটা সরকারও জানে৷ তাই তারা অস্বস্তিতে আছে৷ আর এ অবস্থার কারণে জনগণও অস্বস্তিতে পড়েছে৷’
জাপার এই নেতা বলেন, বিএনপি ও ১৮ দল এখন কোণঠাসা৷ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো কোনো শক্তি নেই তাদের৷ সরকারও বিরোধী শক্তির ওপর দমন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে৷ এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির উত্তরণ ঘটাতে না পারলে দেশে অসাংবিধানিক শক্তি ও জঙ্গিবাদের উত্থান হবে৷ তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে গেজেট প্রকাশের পর এ অবস্থা মেনে নিতে এরশাদ সাহেব সম্মত হয়েছেন৷ কিন্তু একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অসাংবিধানিক৷ এটা আমাদের সংসদ এলাউ করে না৷ এটা অবাস্তব৷ তবে আমি কাউকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলছি না৷ পদত্যাগ না করেও ভূমিকা পালন করা যায়৷’
বক্তব্যের একপর্যায়ে জি এম কাদের বলেন, ‘কেউ যদি দাবি করে আমি নিজেই স্বামী, নিজেই স্ত্রী—তাহলে সেটা কোনো পরিপূর্ণ সংসার হয় না৷ অথবা আপনি উরুগুয়ের স্ট্রাইকার, ইতালিরও গোলকিপার—এভাবে তো খেলা হয় না৷’
জি এম কাদেরের বক্তব্যের এ পর্যায়ে জিয়াউদ্দিন বাবলু উঠে দাঁড়ান৷ বলেন, এটা কোনো বক্তব্য হলো? এই বলে মঞ্চ থেকে নেমে যান বাবলু৷ তখন পাশের অন্য দুই নেতা তাঁকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন৷
তখনো বক্তৃতা করে যাচ্ছিলেন জি এম কাদের৷ তিনি বলেন, ‘সত্য কথা অনেক সময় রূঢ় হয়৷ আমার এ কথাগুলো অনেকেরই ভালো লাগবে না৷ তাই কথা বলতে চাইনি৷’
এ সময় উপস্থিত সাংবাদিকেরা জিয়াউদ্দিন বাবলুর কাছে গেলে তিনি বলেন, ‘আমরা বৈধ কী অবৈধ, সেটা দলীয় ফোরামে আলোচনার ব্যাপার৷ সে কী এভাবে প্রকাশ্যে বলতে পারে?’
এরশাদের উপস্থিতিতে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতার প্রকাশ্য বিরোধ দেখে উপস্থিত নেতা-কর্মীরা হতবাক হন৷ তবে এ সময় অধিকাংশ নেতা-কর্মীকে এরশাদ ও জি এম কাদেরের পক্ষে স্লোগান দিতে দেখা যায়৷
এ অবস্থায় খুব সংক্ষেপে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন এরশাদ৷ তিনি বলেন, ‘আজ এখানে মত্স্যজীবীদের নিয়ে আলোচনার কথা ছিল৷ কিন্তু সেটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে৷ রাজনীতি নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়েছে৷ নির্বাচন ইস্যুতে যা হয়েছে আমরা মেনে নিয়েছি৷ বিরোধী দলের ভূমিকা পালন করছি৷ দলকে এগিয়ে নিয়ে সত্যিকার বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে আমি আমার স্ত্রীকে (রওশন) বলেছি৷’
এরশাদ বলেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না৷ শুধু একটা কথা বলতে চাই, বিএনপি দিশেহারা৷ তাদের অবস্থানে গিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে৷’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য শুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম প্রমুখ৷