সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিররিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হবিগঞ্জ পৌরসভার সদ্য সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে গতকাল সোমবার জেলা বিএনপির এই সাধারণ সম্পাদকের পক্ষে জামিন চাইলে বিচারক ওই আদেশ দেন।
কিবরিয়া হত্যা মামলায় গউছ গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওই দিনই আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এর পর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গউছের অনুপস্থিতিতে তাঁর আইনজীবীরা গতকাল আদালতে জামিনের আবেদন করেন। তাঁরা যুক্তি দেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গউছকে এ মামলায় জড়ানো হয়েছে। তবে শুনানি শেষে বিচারক মাহবুব উল ইসলাম জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত রোববার একই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া নিহত হন।