জি-৭-এর বৈঠকে শেখ হাসিনাকে আমন্ত্রণ আবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭-এর একটি বৈঠকে (আউটরিচ মিটিং) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী মাসে জাপানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জি-৭ভুক্ত সাতটি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাইরেও যে কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার একটি বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আউটরিচ মিটিংয়ে যোগ দেওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী আবে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও চাদ ওই বৈঠকে যোগ দেবে।
জাপানের জিজি প্রেস সূত্রে জানা যায়, আগামী ২৬ ও ২৭ মে জাপানে জি-৭ভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি, সন্ত্রাসবাদ, মানবিক সংকট ও চলমান সংঘাত নিয়ে আলোচনা হবে। জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ওই আউটরিচ মিটিং হবে। এতে উন্নয়ন-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই বাংলাদেশসহ ওই সাতটি উন্নয়নশীল দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানেরা বৈঠকে যোগ দেবেন।