জিংকসমৃদ্ধ ধান উদ্ভাবনের দ্বারপ্রান্তে ব্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষকেরা জিংকসমৃদ্ধ (দস্তা) একটি নতুন ধানের জাত উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। জাতীয় এক কর্মশালায় গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করা হয়। শরীরে জিংকের অভাবজনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে অণুপুষ্টিজনিত অপুষ্টি মোকাবিলায় জিংকসমৃদ্ধ ধান’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করা হয়।এ কর্মসূচিতে ব্রি-কে সহযোগিতা করছে ব্র্যাক, আইসিডিডিআরবি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান হার্ভেস্ট প্লাস। বিশেষজ্ঞরা বলেন, প্রাণিজ আমিষের অভাবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর শরীরে জিংকের অভাব প্রকট। জিংকের অভাবে মা ও নবজাতকের মৃত্যুও ঘটতে পারে। তাঁরা বলছেন, জিংকসমৃদ্ধ ধান উদ্ভাবনের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যেতে পারে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নতুন জাতের ধান উৎপাদনে যথেষ্ট সাবধানতা অবলম্বনের নির্দেশ দেন। নতুন জিংকসমৃদ্ধ জাতের ধানটির উৎপাদন ব্যয় যেন কৃষকের সাধ্যের মধ্যে থাকে এবং এর ভাত যেন উপাদেয় হয়, সে দিকেও লক্ষ রাখার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর বলেন, সীমিত জমির অধিক ব্যবহারের কারণে মাটিতে প্রয়োজনীয় খনিজের ঘাটতি দেখা দিচ্ছে। দেশের সাড়ে আট মিলিয়ন হেক্টর চাষযোগ্য জমির অর্ধেকের বেশিতে (প্রায় সাড়ে চার মিলিয়ন হেক্টর) জিংক প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম। ব্রির প্রধান গবেষণা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, বর্তমানে জিংকসৃমদ্ধ ধানের পরীক্ষামূলক চাষ হচ্ছে দেশের কয়েকটি এলাকায়। এই ধানের বীজ ২০১২ সাল নাগাদ চাষাবাদের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, অধিকাংশ দরিদ্র পরিবার প্রতিদিন মাছ-মাংস খেতে পারে না। এ পরিবারগুলোতে জিংকের অভাবজনিত অপুষ্টি ব্যাপক। কিন্তু অপেক্ষাকৃত সস্তায় ভাত খাওয়া সম্ভব বলে ধানে পর্যাপ্ত পরিমাণে জিংক থাকলে সবাই এর সুবিধা পাবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি কর্মসূচির প্রধান তাহমিদ আহমেদ বলেন, শুধু পর্যাপ্ত জিংক সরবরাহ করা গেলে বছরে ৭০ হাজার শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব। জিংকের অভাবে বাংলাদেশের ৪৩ শতাংশ শিশু খর্বাকৃতির হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রির মহাপরিচালক মো. আবদুল মান্নান। হার্ভেস্ট প্লাসের কর্মকর্তা হ্যারি হেনড্রিক্সও বক্তব্য দেন। উল্লেখ্য, জিংকসমৃদ্ধ করতে গিয়ে ধানের কোনো জিনগত পরিবর্তন করা হচ্ছে না। এ পদ্ধতিকে বলা হয় বায়োফর্টিফিকেশন। আন্তর্জাতিক কৃষি গবেষণা গ্রুপ হারভেস্ট প্লাসের সহযোগিতায় ধানে জিংক ছাড়াও উগান্ডা ও মোজাম্বিকে মিষ্টি আলুতে ভিটামিন এ, রুয়ান্ডা ও কঙ্গোতে ডালজাতীয় খাদ্যে লৌহ, ভারতে বাজরায় লৌহ ও জিংক এবং ভারত ও পাকিস্তানে গম জিংকসমৃদ্ধকরণের কাজ চলছে।