জিআরপির দুটি নতুন জেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) আরও দুটি জেলা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দুটি—পূর্বাঞ্চলে চট্টগ্রাম ও পশ্চিমাঞ্চলে সৈয়দপুর জেলা রয়েছে। খুব শিগগির ঢাকা ও ঈশ্বরদীতে নতুন দুটি জেলার কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, রেল যোগাযোগের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ও সারা দেশে রেলওয়ে স্থাপনা দেখভালের জন্য ব্রিটিশ আমলে জিআরপি গঠন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রেল পুলিশ বিশেষ বৈশিষ্ট্যে পরিচালিত হচ্ছে। ঢাকার রেলওয়ে রেঞ্জের অধীনে সৈয়দপুর ও চট্টগ্রামে রয়েছে দুটি রেলওয়ে জেলা। সৈয়দপুর জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন মোস্তফা কামাল আর চট্টগ্রামে হাবিবুর রহমান। পশ্চিমাঞ্চল রেলওয়ে সৈয়দপুর জেলা থেকে ২২টি প্রশাসনিক জেলার সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। রেলপথ, পাশের স্থাপনাসহ ট্রেনে চোরাচালান নিরোধ ও রেল পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখে রেলওয়ে পুলিশ। পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলার অধীন রয়েছে ১২টি থানা। পশ্চিমাঞ্চলেও জিআরপির ১২টি থানা রয়েছে।মোস্তফা কামাল জানান, রেলওয়েতে প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু হয়েছে। তাই কেবল সৈয়দপুর নয়, চট্টগ্রাম জেলাকেও ভাঙার উদ্যোগ নিয়েছে সরকার। সূত্রটি জানায়, গত বছর ১৯ মে জিআরপি ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয়, সম্প্রসারণশীল রেলওয়ের প্রশাসনিক পুনর্বিন্যাস অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এতে রেলপথ ও সারা দেশের রেলওয়ের স্থাপনা নিশ্চিদ্র নিরাপত্তার দিক বিবেচনায় রেখে রেলওয়ে পুলিশের সম্প্রসারণের যুক্তি উপস্থাপন করা হয়। সে ক্ষেত্রে পূর্বাঞ্চল রেলওয়েতে ঢাকা ও পশ্চিমাঞ্চলে ঈশ্বরদীকে নতুন দুটি জেলা গঠনের প্রস্তাব করা হয়। রেলওয়ে রেঞ্জের ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রণালয় ঘুরে এখন পুলিশ সদর দপ্তরে রয়েছে। তবে এরই মধ্যে নতুন দুটি জেলা গঠনের প্রক্রিয়াও শুরু করেছে রেলওয়ে পুলিশ প্রশাসন। শিগগিরই নতুন জেলা দুটির কার্যক্রম শুরু হবে বলে জানায় সূত্রটি।একই সূত্রমতে, রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে ৭৩৭ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। পূর্বাঞ্চলে রেলওয়ে পুলিশের সদস্য সংখ্যা মাত্র ৭৮৬। ওই লোকবল দিয়ে সারা দেশের রেলপথ ও স্থাপনা রক্ষার কাজ করা খুব কঠিন। তাই নতুন দুটি জেলা গঠনের প্রস্তাবকে সরকার সক্রিয় বিবেচনায় নিয়েছে। রেলওয়ের ডিআইজি অফিস থেকে দেওয়া প্রস্তাবে কর্মকর্তা পর্যায়ে ১০০ পদ সৃষ্টিরও সুপারিশ করা হয়। তবে পরবর্তী সময়ে কনস্টেবল পদে পর্যায়ক্রমে এক হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানায় সূত্রটি। নতুন প্রস্তাবিত কর্মকর্তার ক্রমানুসারে একজন ডিআইজি, দুজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ২২ জন পরিদর্শক, ২৪ জন উপপরিদর্শক (এসআই), ২০ জন সহকারী উপপরিদর্শকের (এএসআই) পদসহ অন্যান্য কর্মকর্তার পদ সৃষ্টির কথা বলা হয়েছে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলমের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘রেল পুলিশের প্রশাসনিক পুনর্বিন্যাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রেলওয়ে সম্প্রসারিত হচ্ছে। কাজেই পুলিশ প্রশাসনকেও ঢেলে সাজানো উচিত। সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ নেওয়ায় আমরা আশাবাদী। এর ফলে রেলপথ ও রেলওয়ে স্থাপনা রক্ষায় জিআরপির ভূমিকা আরও সক্রিয় হবে।’