জিইএফ তহবিলে জ্বালানি খাতের প্রথম প্রকল্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশসম্মত উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাপী তহবিল জোগানদাতা প্রতিষ্ঠান ‘গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)’-এর অর্থ সহায়তায় দেশের জ্বালানি খাতে প্রথম প্রকল্পের কাজ শুরু হয়েছে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন শীর্ষক চার বছর মেয়াদি এই প্রকল্পে জিইএফ প্রায় ৩২ কোটি টাকা দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এই প্রকল্পের প্রারম্ভিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, একটি কুপির বদলে একটি বাল্ব গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা পাল্টে দিতে পারে। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে তাই অনেক কিছু করতে হবে। তবে এর দাম এখনো অপেক্ষাকৃত বেশি। তাই স্বল্প দামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কয়লার (ক্লিন কোল টেকনোলজি) ব্যবহারের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বড় বাধা জায়গা। এই বাধা দূর করতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা গেলে অনেক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ ছাড়া, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সমীক্ষা করতে হবে।
এই প্রকল্পের জাতীয় পরিচালক এবং টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সরকারের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এদেশীয় পরিচালক পলিন টেমেসিস। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইউএনডিপির কর্মসূচি বিশ্লেষক আলমগীর হোসেন। ইউএনডিপির মাধ্যমে জিইএফ তহবিল ছাড় হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কারিগরি অধিবেশনে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, বর্তমান অধ্যাপক ইজাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য জ্বালানি গবেষক অধ্যাপক সাইফুল ইসলামসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।