জিইসি মোড়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন দুই শতাধিক শিক্ষার্থী।গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হয়। ফলে ব্যস্ততম জিইসির মোড়ের চারদিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ‘মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। গতকাল বেলা ১১টার দিকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নগরের কাজীর দেউড়ি মোড়ে জড়ো হয়। এরপর সার্কিট হাউসের সামনের সড়ক থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলে বিপুলসংখ্যক ছাত্রীও অংশ নেন। মিছিলটি ওয়াসা মোড় ঘুরে বেলা সাড়ে ১১টায় জিইসি মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সমাবেশ: গতকাল অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, খায়রুল ইসলাম প্রমুখ। তাঁরা মেডিকেলে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবি জানান। দুই ঘণ্টা ধরে থেমে থেমে শিক্ষার্থীরা তাঁদের দাবির সমর্থনে বক্তব্য দেন। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়মে ভর্তির বিধান চালু রাখারও দাবি জানান।