জিএ কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং ঢাকা জেলা ও দায়রা জজের শূন্য পদ পূরণে আজ জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটি বৈঠকে বসছে। প্রধান বিচারপতিত মো. ফজলুল করিম গতকাল নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ দিতে চারজন জেলা জজের মৌখিক পরীক্ষা নেন। তাঁরা হলেন আবদুল মজিদ, এ আর মাসুদ, আশরাফুল ইসলাম ও নুরুল হুদা। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় রেজিস্ট্রার পদে নির্দিষ্টভাবে একজনের নাম প্রস্তাব করলে প্রধান বিচারপতির দপ্তর বিব্রত হয়। এটা জানতে পেরে আইন মন্ত্রণালয় তাদের চিঠি তাত্ক্ষণিক প্রত্যাহার করে নেয়। সরকারের প্রস্তাবিত বিচারকও গতকাল মৌখিক পরীক্ষায় অংশ নেন।এদিকে ঢাকা জেলা জজ পদে তুলনামূলক কনিষ্ঠ জেলা জজ জাহাঙ্গীর হোসেন বাদলের নাম প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। জনাব বাদল বর্তমানে দুদকের আইন শাখার মহাপরিচালক পদে রয়েছেন। জেলা জজ হিসেবে সম্প্রতি তিনি পদোন্নতি পান। জেলা জজদের জ্যেষ্ঠতার তালিকায় তাঁর অবস্থান ২০০ জনের নিচে।