জিএফএমডি আয়োজন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন ও উন্নয়ন নিয়ে আয়োজিত বৈশ্বিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। তিনি বলেন, ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিনে অভিবাসীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা দেওয়ার বিষয়ে পুরো বিশ্ব ঐকমত্যে পৌঁছেছে।

জিএফএমডির নবম সম্মেলনর সরকারি পর্যায়ের বৈঠকের প্রথম দিন শেষে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের সম্মেলনের চেয়ারম্যান পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ কথা বলেন।

অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। পররাষ্ট্রসচিব এ ব্যাপারে বলেন, নবম জিএফএমডি সম্মেলন অনেকেই আয়োজন করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ সেই সুযোগ লাভ করে। পাঁচ শ বিদেশি এই সম্মেলনে আসবেন—এমনটা আমরা ভাবলেও শেষ পর্যন্ত ১২৫ দেশ থেকে প্রায় সাত শ বিদেশি এসেছেন।

গুলশান হামলার পর বাংলাদেশ নিয়ে অনেক আতঙ্ক থাকলেও এত বিপুলসংখ্যক বিদেশি আসার বিষয়টি খুবই ইতিবাচক বলে মনে করেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, কোনো সন্দেহ নেই—এই সম্মেলন আমাদের ভাবমূর্তি অনেক বাড়িয়েছে। এখানে আসার আগেও বাংলাদেশ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। কেউ কেউ বলছিল এত বড় আয়োজনের ভেন্যু কি বাংলাদেশে আছে? কেউ কেউ বলেছে বাংলাদেশে কি এত হোটেল আছে? কিন্তু এখানে এখন এসে তাঁরা প্রত্যেকেই খুশি।

পররাষ্ট্রসচিব বলেন, প্রথম দিনে বিশ্বের সব নেতাই অভিবাসীদের অধিকার রক্ষার বিষয়ে একমত পোষণ করেছেন।
২০১৮ সালের মধ্যে অভিবাসী ও উদ্বাস্তু সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশই এই চুক্তি করার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, আগে অভিবাসন বিষয়ে কোনো বৈশ্বিক কাঠামো ছিল না।

শনিবার সকালে প্রধানমন্ত্রী মূল অধিবেশনের উদ্বোধন করেন।