অভিবাসন খাতে সুশাসন আনা কিংবা শরণার্থীর মতো সমস্যা সমাধানে বিশ্বনেতাদের ঐক্য জরুরি। শুধু তা-ই নয়, ঐক্য হতে হবে দেশে দেশে। ঐক্য হতে হবে সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের।
ঢাকায় শুরু হওয়া অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) এসব কথা উঠে এসেছে। গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়েছে।
প্রথম দিনে অভিবাসন নিয়ে কাজ করা বিভিন্ন দেশের প্রায় ৩০০ দেশি-বিদেশি বেসরকারি প্রতিনিধি অভিবাসন, উন্নয়ন ও সুশাসন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আজও আলোচনা চলবে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা। শেষ হবে ১২ ডিসেম্বর।
অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর বাংলাদেশ এর চেয়ারম্যান পদ পায়।