জিএম ফসল চাষ বন্ধের দাবি
জিন প্রযুক্তি ব্যবহার করে জেনেটিক্যাল মডিফাইড (জিএম) ফসল চাষ প্রচলনের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গত শনিবার বেলা ১১টার দিকে পবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জিএম ফসল প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় না। জিন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হয়। এই ফসল চারপাশের একই জাতের ফসলের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ও ফসলকে প্রভাবিত করে। ফলে উদ্ভিদবৈচিত্র্য ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ভারত, চীন, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্বের প্রায় ২৭টি দেশে জিএম সফল চাষ নিষিদ্ধ করা হয়েছে।
বক্তারা বলেন, ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ ঢাকার আমেরিকান সেন্টারে এসে জিএম ফসল প্রচলনের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কৃষি গবেষণার ক্ষেত্রে জিন প্রযুক্তির উজ্জ্বল ভবিষ্যৎ আছে৷’ কিন্তু জিএম খাদ্য মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ কি না, তা প্রমাণিত হয়নি। দেশে জিএম ফসল চাষ ও জিএম খাদ্য প্রচলিত হলে তা মানবস্বাস্থ্য, ভূমি, পরিবেশ, উদ্ভিদবৈচিত্র্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ভারতে জিএম ফসলের চাষ শুরু হয়েছিল ২০০২ সালে। পরে বিভিন্ন গবেষণায় জিএম খাদ্যের ক্ষতিকর দিক বেরিয়ে আসে। ২০১০ সালে আইন করে তা নিষিদ্ধ করা হয়। তাই বাংলাদেশের কৃষি ও অর্থনীতি রক্ষায় এই ফসল চাষে সবাইকে সতর্ক থাকতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পবার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষমুক্ত খাদ্যবিষয়ক জাতীয় কমিটির সদস্যসচিব লেলিন চৌধুরী, সহসম্পাদক মো. নজরুল ইসলাম, মো. সেলিম, সমীর কুমার সাহা, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ বক্তব্য দেন।