জিএম ফসলে ক্ষতিকর উপাদান না থাকার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনগতভাবে পরিবর্তিত (জিএম) ফসলে কোনো ক্ষতিকারক উপাদান নেই বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টুসকিজি বিশ্ববিদ্যালয়ের আর্টস ও ডিন কলেজের ডিন চান্না এস প্রকাশ। তিনি বলেছেন, জিনপ্রযুক্তিতে উদ্ভাবিত ফসলের জাত বিশ্বের ২৮টি দেশে চাষ হচ্ছে। এ পর্যন্ত কয়েক ট্রিলিয়ন মেট্রিকটন জিএম ফসল বিশ্বে উৎপাদিত হয়েছে। কিন্তু কোনো দেশে এ থেকে তৈরি খাদ্য খেয়ে কারও ক্ষতি হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি।
গতকাল সোমবার রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চান্না এস প্রকাশ এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। তিনি দাবি করেন, জিনপ্রযুক্তি বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। এতে খাদ্যগুণ বাড়ে ও কীটনাশকের ব্যবহার কমে।
তবে জিএম খাদ্য উৎপাদনে পরিবেশগত ঝুঁকি আছে। জিএম খাদ্য খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। এ কারণে ভারতে পরিবেশবিদদের আন্দোলনের চাপে সেখানে বিটি বেগুন ও অন্যান্য জিএম খাদ্য উৎপাদন বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সহায়তায় বিটি বেগুনের চাষ হচ্ছে।
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চান্না এস প্রকাশ বলেন, ভারতে কংগ্রেসের আমলে তৎকালীন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ মন্ত্রী থাকার সময় রাজনৈতিক কারণে বিটি বেগুন নিষিদ্ধ হয়। তাহলে বিজেপির শাসনামলে কেন বিটি বেগুন চাষের অনুমোদন দেওয়া হলো না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বিটি বেগুন চাষের অনুমোদন দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। এ ছাড়া সেখানকার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ইউরোপের বিভিন্ন দেশের অর্থায়নে এর বিরুদ্ধে আন্দোলন করছে। ফলে ভারত সরকার কৌশলগতভাবে বিটি বেগুনের অনুমোদন দেয়নি। এ ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক বা কারিগরি সমস্যা নেই।
চান্না এস প্রকাশ বলেন, বাংলাদেশের কৃষি গবেষণার ক্ষেত্রে জিএম প্রযুক্তির উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ইতিমধ্যে বাংলাদেশ জিঙ্কযুক্ত চাল, ভিটামিনযুক্ত আলু ও ছিদ্রকারী পোকামুক্ত বিটি বেগুনের জাত উদ্ভাবন করেছে। জাতিসংঘের জীববৈচিত্র্য-সংক্রান্ত সনদ কার্টেহানা প্রটোকলে বাংলাদেশ স্বাক্ষর করেছে। জিএম জাতগুলো তা অনুসরণ করেই করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র কার্টেহানা প্রটোকলে কেন স্বাক্ষর করেনি—এ প্রশ্নে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক জিএম গবেষণা হচ্ছে। দেশটিতে কয়েক হাজার কোম্পানি আন্তর্জাতিক মান বজায় রেখে জিএম ফসল উৎপাদন ও বিক্রি করছে।