
বিজ্ঞানের সঙ্গে রাজনীতিকে না মেশানোর আহ্বান জানিয়ে নোবেল বিজয়ী ব্রিটিশ বিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টস বলেছেন, ‘রাজনীতিতে হয়তো আরও বিজ্ঞানের চর্চার দরকার, কিন্তু বিজ্ঞানচর্চায় যত কম রাজনীতি হয় ততই মঙ্গল।’ জিনগত পরিবর্তনের মাধ্যমে (জেনিটিক্যালি মডিফায়েড অর্গানিজম-জিএমও) উৎপাদিত শস্য দিয়ে বর্তমান বিশ্বের খাদ্যসংকট সমাধান করা উচিত বলে মত দেন তিনি।
গতকাল বুধবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক জনবক্তৃতায় রিচার্ড এ কথা বলেন। প্রাণরসায়নবিদ ও অণুপ্রাণ জীববিজ্ঞানী রিচার্ড ১৯৯৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত জীববিজ্ঞান গবেষণা কেন্দ্র নিউ ইংল্যান্ডের বায়োল্যাবসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০১৬ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের (আইএবি) সদস্য হিসেবে যোগদান করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই জনবক্তৃতার আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্যার রিচার্ড জন রবার্টস তাঁর ‘কেন আপনি জিএমওএস ভালোবাসবেন’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জিএমও হচ্ছে জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে পাওয়া নতুন জীব প্রকরণ।
রিচার্ডস বলেন, ইউরোপ বা আমেরিকায় খাদ্যসংকট নেই। তাদের হয়তো জিএমও দরকার নেই। কিন্তু আফ্রিকা বা উন্নয়নশীল দেশগুলোর খাদ্যসংকট সমাধানে জিএমও খুবই জরুরি।
গ্রিন পিস ইন্ট্যারন্যাশনালের সমালোচনা করে রিচার্ডস বলেন, তারা কোনো বৈজ্ঞানিক যুক্তি ছাড়াই জিএমওর বিরুদ্ধে প্রচার চালায়। বাস্তবতা হলো এতে কোনো ক্ষতি নেই। বরং যাদের খাবারের অভাব আছে, যেখানে অপুষ্টি আছে, সেখানে এটি একটি কার্যকরী পদ্ধতি হবে। কারণ, এ পদ্ধতিতে চাষাবাদে ফলন বাড়ে, ফসলের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়া জিন প্রকৌশলের মাধ্যমে উৎপাদিত খাবার কোনোভাবেই ক্ষতিকর নয়। বরং এটি অন্য খাবারের চেয়ে নিরাপদ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। তাঁরা রিচার্ডকে নানা ধরনের প্রশ্ন করেন। অনেকেই এ সময় জিএমওর বিপক্ষে তাঁদের মত দেন। জিন প্রযুক্তির মাধ্যমে কোনো শস্য বদলে ফেলা নৈতিক কি না, জানতে চাইলে রিচার্ডস বলেন, তিনি মনে করনে না এটি অনৈতিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।