জিএমও পদ্ধতিতে প্রচুর ফলন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার রিচার্ড জন রবার্টস
স্যার রিচার্ড জন রবার্টস

জিনগত পরিবর্তনের মাধ্যমে (জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম বা জিএমও) শস্য উৎপাদন করলে প্রচুর ফলন পাওয়া সম্ভব বলে মনে করেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ বিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টস। তিনি বলেন, জিএমও শস্যের রোগ প্রতিরোধক্ষমতাও বেশি। এ পদ্ধতিতে চাষাবাদের ফলে ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে। অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিচার্ড জন রবার্টস এসব কথা বলেন। এই প্রাণরসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী ১৯৯৩ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। ২০১৬ সালে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের (আইএবি) সদস্য হিসেবে যোগ দেন। ওই বিশ্ববিদ্যালয়ে গত বুধবার তিনি একটি বিশেষ বক্তৃতা করেন। তাঁর এবারের ঢাকা সফর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জিএমও পদ্ধতিতে বিটি বেগুন চাষ করে বাংলাদেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যেখানে বাংলাদেশে নানা জাতের বেগুন আছে এবং পর্যাপ্ত উৎপাদনও হয়, সেখানে জিএমওর মাধ্যমে বেগুন চাষ করার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি গতকাল বলেন, ‘অনেক সময় ফসল নানা ধরনের রোগে আক্রান্ত হয়। জিএমও শস্যে সেই আশঙ্কা থাকে না।’
এ রকম ক্ষেত্রে কৃষকেরা বীজ সংরক্ষণ করবেন না। তখন বীজের অধিকার কোনো কোম্পানির কাছে চলে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, কৃষকেরা চাইলে জিএমও বীজ সংরক্ষণ করতে পারবেন।
ইউরোপ এবং উন্নত বিশ্ব কেন জিএমওর বিপক্ষে? এ প্রশ্নের জবাবে রিচার্ড অভিযোগ করেন, সেখানে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ভুল প্রচারণা চালাচ্ছে। তারা তহবিলের জন্যই এ ধরনের কাজ করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাড়ানোর দিকে নজর দিচ্ছি।’
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই নর্থ সাউথের শিক্ষার মান শুধু বাংলাদেশের সেরা হবে না, আন্তর্জাতিক মানে পৌঁছাবে।’
বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বেনজির আহমেদ ও সহ-উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত ডিন জি ইউ আহসান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।