জিএমজির সুদ মওকুফ নয়, মামলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনসের সুদ মওকুফের আবেদন নাকচ করে দিয়েছে সোনালী ব্যাংক। খেলাপি ২৬৬ কোটি টাকা আদায়ে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গত ৫ জুন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৩তম সভায় এসব সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জিএমজিকে জানিয়ে দিয়েছে সোনালী ব্যাংক। গত ২৯ মার্চ সব সুদ মওকুফ চেয়ে ঋণটি পুনঃ তফসিলের জন্য চিঠি দিয়েছিল জিএমজি।

আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জিএমজির চেয়ারম্যান। খেলাপি এ প্রতিষ্ঠানের বেক্সিমকো গ্রুপের শেয়ারের পরিমাণ ১২ শতাংশ। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকেরও চেয়ারম্যান।

পর্ষদের সিদ্ধান্তের বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি ঋণ পুনঃ তফসিলের আবেদন করেছিল। তারা সুদ মওকুফও চেয়েছিল। পরিচালনা পর্ষদ তা অনুমোদন করেনি। আইনি ব্যবস্থা নিতে বলেছে।

জানা যায়, জিএমজি এয়ারলাইনস ২৯ মার্চ সোনালী ব্যাংকের কাছে ঋণটি পুনঃ তফসিলের আবেদন করে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ চিঠি দেয় জিএমজি। ওই আবেদনে জিএমজি সব সুদ মওকুফ চায়। ৮ বছরে ৩২ কিস্তিতে আসল ঋণ পরিশোধের সুযোগ চায় জিএমজি। এ সময় তারা অগ্রিম (ডাউনপেমেন্ট) সাড়ে ১৬ কোটি টাকা জমাও দেয়।

এ প্রস্তাব ৫ জুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করা হয়। প্রস্তাব নাকচ করে ঋণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয় পরিচালনা পর্ষদ।

সোনালী ব্যাংক পর্ষদ সভার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ১৯৯৮ সালে জিএমজি এয়ারলাইনস সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় ঋণের জন্য আবেদন করে। এ জন্য ধানমন্ডির ২ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে (নতুন) ১ বিঘা (৩৩ শতাংশ) জমি ও তার ওপরের ভবনসহ সব স্থাপনা ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়। এ জমির মালিক বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। ওই বছরেই জিএমজিকে সাড়ে ৪ কোটি টাকা ওভার ড্রাফট ঋণ-সুবিধা প্রদান করে সোনালী ব্যাংক। পরে ধীরে ধীরে সুদসহ ঋণ দাঁড়ায় ২৬৬ কোটি ১০ লাখ টাকা।

২০১২ সালে জিএমজির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ওই ঋণ খেলাপি হয়ে পড়ে। এ সময় ঋণটি পুনঃ তফসিল করে সোনালী ব্যাংক। এরপর আবারও খেলাপি হয়ে পড়লে ব্যাংকটি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালায়। এ জন্য কয়েক দফায় চিঠি, উকিল নোটিশ, আলোচনা সবই করা হয় ব্যাংকের পক্ষ থেকে। অবশেষে অর্থ আদায়ে অর্থঋণ আদালত আইন-২০১৩-এর আশ্রয় নেয় ব্যাংক। এর অংশ হিসেবে আইনের ১২(৩) ধারা অনুযায়ী বন্ধকি জমি নিলামে তুলতে গত বছরের ১২ জুলাই নিলাম দরপত্র বিজ্ঞপ্তি দেয় সোনালী ব্যাংক। বর্তমানে ওই জমিতে বেক্সিমকো গ্রুপের কার্যালয়, তাদের ফ্যাশন ব্র্যান্ড ইয়োলোর শোরুম রয়েছে।

তবে শেষ মুহূর্তে জিএমজি রিট দায়ের করলে নিলাম স্থগিত হয়। পরে আইনি প্রক্রিয়ার ওই রিটটি তাদের পক্ষে নিষ্পত্তি (ভ্যাকেট) করে সোনালী ব্যাংক। এরপরই ঋণটি পুনঃ তফসিলের চেষ্টা শুরু করেছে জিএমজি।

অর্থঋণ আদালত আইন-২০১৩-এর ১২(৩) ধারা অনুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠান বিবাদীর কাছ থেকে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রেখে, অস্থাবর সম্পত্তি দায়বদ্ধ রেখে ঋণ প্রদান করলে এবং বন্ধক প্রদান বা দায়বদ্ধ রাখার সময় সম্পত্তি বিক্রির ক্ষমতা আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করলে তা বিক্রি না করে, বিক্রির চেষ্টা করে ব্যর্থ না হয়ে, সমন্বয় না করে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা যাবে না।

ব্যাংকের নথিতে জিএমজির চেয়ারম্যান সালমান এফ রহমান, পিতা-ফজলুর রহমান, মাতা-সৈয়দা ফাতিনা রহমান। ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার, পিতা-আজিজ এইচ এ সাত্তার, মাতা-ভাজিহা আজিজ সাত্তার। পরিচালক ওসমান কায়সার চৌধুরী, পিতা সাবের আহমেদ চৌধুরী, মাতা হোসনে আরা বেগম।

জিএমজি ছিল ২০১০ সালে শেয়ারবাজারধসের আগে অন্যতম আলোচিত একটি কোম্পানি। দীর্ঘদিনের লোকসানি এই কোম্পানিকে কারসাজির মাধ্যমে লাভজনক দেখিয়ে প্রথমে প্লেসমেন্টে শেয়ার বিক্রি করা হয়। এরপর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীকালে শেয়ারবাজারধসের পর সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও জিএমজির কারসাজির বিষয়টি উঠে আসে। কমিটির প্রতিবেদনে সালমান এফ রহমানের বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছিল। ১৯৯৬-এর শেয়ারবাজার কেলেঙ্কারিতেও তাঁর নাম রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক তো আমানতের টাকা তাকে দিয়েছে, আমানতকারীদের সুদ দিতে হয়েছে। ফলে সুদ মওকুফ করার কোনো সুযোগ নেই। এ ছাড়া উনি তো পুরোনো খেলাপি।’ ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদ প্রশ্ন তোলেন, একটি খেলাপি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কীভাবে একটি ব্যাংকের চেয়ারম্যান পদে থাকেন। বাংলাদেশ ব্যাংকের বিষয়টি দেখা উচিত।

 সালমান এফ রহমানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করতে হয় জনসংযোগ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআর-এর সঙ্গে। তবে তারাও গতকাল বুধবার সালমান রহমানের কোনো বক্তব্য এনে দিতে পারেনি।