জিএসপি ও শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকার বাজার-সুবিধার (জিএসপি) ভবিষ্যৎ, বাংলাদেশের শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া ও টিকফা সই নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার এক দিন পর বাংলাদেশে শীর্ষ এ মার্কিন কূটনীতিক গতকাল রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রায় তিন সপ্তাহের ছুটি শেষে ড্যান মজীনা গত শনিবার ঢাকায় ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড্যান মজীনা গতকাল সকালে প্রথমে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে ২০ মিনিটের সৌজন্য সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে জিএসপির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সইয়ের লক্ষ্যে মন্ত্রিসভার অনুমোদন এবং শ্রম আইন সংশোধন প্রক্রিয়া।বৈঠক সূত্রে জানা গেছে, তবে জিএসপির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে গতকালের আলোচনায় মজীনা সুস্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি। রানা প্লাজা ধসের পর থেকে জিএসপি নিয়ে নেতিবাচক ঘোষণা শোনার আশঙ্কা করছে বাংলাদেশ। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, জিএসপির চূড়ান্ত ঘোষণার প্রক্রিয়া কীভাবে হচ্ছে সে সম্পর্কে মজীনা উল্লেখ করেছেন। বাংলাদেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে বাংলাদেশের জিএসপি-সুবিধা অব্যাহত রাখা না-রাখার ব্যাপারে মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) ইতিমধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিকভাবে আগামী কয়েক দিনের মধ্যেই তা ঘোষণা করা হবে। ঢাকার কর্মকর্তারা মনে করেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের প্রতি কিছুটা সহানুভূতিশীল থাকলেও বাংলাদেশের শ্রমমানের বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ করে মার্কিন সিনেট ও কংগ্রেসের পাশাপাশি মার্কিন বাণিজ্য ও শ্রম দপ্তর এবং শ্রমিক সংগঠনের ব্যাপক আপত্তি রয়েছে।শ্রম আইন সংশোধনের বিষয়ে মজীনা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন, বিদ্যমান শ্রম আইন যেভাবে সংশোধনের কথা ছিল, মন্ত্রিসভায় উত্থাপনের পর তাতে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকালের বৈঠকে মজীনাকে জানানো হয়েছে, শ্রমিক অধিকার সুনিশ্চিতসহ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নত কর্মসংস্থান কর্মসূচি (বেটার ওয়ার্ক প্রোগাম) চালুর লক্ষ্যে যেভাবে শ্রম আইন সংশোধন করা দরকার, সেভাবেই সেটি হয়েছে।যুক্তরাষ্ট্রের সঙ্গে সইয়ের জন্য টিকফা ১৮ জুন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এ বিষয়টি মজীনাকে জানানো হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে সূত্র জানায়।