জিএসপি না পেলে টিকফা কার্যকর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা না পেলে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) কার্যকর করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বুধবার সংসদে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের করা এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য ১৭টি শর্ত দিয়েছিল। সব শর্ত পূরণ করা হয়েছে। এরপরও জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। শর্ত পূরণ করা সত্ত্বেও যদি জিএসপি ফিরে না পাই, তাহলে এটা রাজনৈতিক কারণে বা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আর কী হতে পারে?’ তিনি আরও বলেন, ‘রানা প্লাজা ধসের পরে যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে জিএসপি সুবিধা স্থগিত করে। তাদের দেওয়া ১৭টি শর্তের সবই পূরণ করা হয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তারা তা স্বীকারও করে। এরপরও তারা বলছে, পরিস্থিতি ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। সেটা কী, তা তারা বলছে না। আমরাও বুঝতে পারছি না।’ দেশে পোশাক খাতের মালিক, শ্রমিক ও সরকার—তিন পক্ষের সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
মাগুরা-১ আসনের সাংসদ এ টি এম আবদুল ওয়াহাবের লিখিত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। ২০১৩ সালের ২৭ জুন এই সুবিধা স্থগিত করা হয়েছে। এই সুবিধার আওতায় মোট রপ্তানির ১ শতাংশ মূল্যের পণ্য এই সুবিধা পেত। জিএসপি স্থগিত সত্ত্বেও যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রবাহ অব্যাহত আছে। তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ অ্যাকশন প্ল্যান-২০১৩’ বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় আইনগত ও নীতিগত ব্যবস্থা, রপ্তানিযোগ্য সব তৈরি পোশাক কারখানা ভবনের ফায়ার, ইলেকট্রিক্যাল ও স্ট্রাকচারাল-বিষয়ক যাচাই, প্রশাসনিক পদক্ষেপ, শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দুটি এনজিওর কার্যক্রম পুনরায় চালু করা, জনসাধারণের প্রবেশযোগ্য ডেটাবেইস প্রতিষ্ঠা, শ্রম ইউনিয়ন নিবন্ধন ত্বরান্বিত করা, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন, চিংড়ি সেক্টরে শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ রক্ষা-সংক্রান্ত বিষয় অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে।