জিএসপি না পেলে টিকফা কার্যকর নয়: বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা না পেলে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) কার্যকর করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের করা এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য ১৭টি শর্ত দিয়েছিল। সব শর্ত পূরণ করা হয়েছে। এরপরও জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। শর্ত পূরণ করা সত্ত্বেও যদি জিএসপি ফিরে না পাই, তাহলে এটা রাজনৈতিক কারণে বা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আর কী হতে পারে?’
মাগুরা-১ আসনের সাংসদ এ টি এম আবদুল ওয়াহাবের লিখিত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। ২০১৩ সালের ২৭ জুন এই সুবিধা স্থগিত করা হয়েছে। এই সুবিধার আওতায় মোট রপ্তানির ১ শতাংশ মূল্যের পণ্য এই সুবিধা পেত। জিএসপি স্থগিত সত্ত্বেও যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রবাহ অব্যাহত আছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ অ্যাকশন প্ল্যান-২০১৩’ বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় আইনগত ও নীতিগত ব্যবস্থা, রপ্তানিযোগ্য সব তৈরি পোশাক কারখানা ভবনের ফায়ার, ইলেকট্রিক্যাল ও স্ট্রাকচারাল-বিষয়ক যাচাই, প্রশাসনিক পদক্ষেপ, শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দুটি এনজিওর কার্যক্রম পুনরায় চালু করা, জনসাধারণের প্রবেশযোগ্য ডেটাবেইস প্রতিষ্ঠা, শ্রম ইউনিয়ন নিবন্ধন ত্বরান্বিত করা, হটলাইন প্রতিষ্ঠা করা, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন, চিংড়ি সেক্টরে শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ রক্ষা-সংক্রান্ত বিষয় অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে। তিনি আরও বলেন, ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়নের সুযোগ না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ট্রেড ইউনিয়নের আদলে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। সরকার তৈরি পোশাকশিল্পের নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণ নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেওয়ার যুক্তিসংগত কোনো কারণ নেই।