জিএসপি পুনর্বহালে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রওশনের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পোশাক খাতকে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে তাঁর গুলশানের বাসভবনে মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
এ সময় রওশন এরশাদ উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহযোগিতা কামনা করেন। খবর বাসস।
রওশন আরও বলেন, পোশাক খাত আমাদের দেশে অন্যতম শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার। তাই এ খাতকে বেগবান রাখার জন্য জিএসপি সুবিধা পুনর্বহাল করা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেন। ওয়েন্ডি শারমান জিএসপি সুবিধা বিবেচনা করা হবে বলে বিরোধী দলীয় নেতাকে আশ্বাস দেন।
এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র নির্ভর করছে বাংলাদেশের জনগণের ওপর। জনগণই ঠিক করবে তাদের কি করা উচিত। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
এ সময় বিরোধী দলের নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সেলিম উদ্দিন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট প্রমুখ উপস্থিত ছিলেন।