জিএসপি পেতে আরও পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে আরও কাজ করতে হবে। এসব বিষয়ে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা আগামী ১৫ এপ্রিল। তিনি আশা প্রকাশ করে বলেন, এ সময়ের আগেই বাংলাদেশ লক্ষ্য অনুযায়ী অগ্রগতি অর্জনে সফল হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংশোধিত শ্রম আইন-২০১৩ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত দেন।
তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের উন্নয়নে দেশি-বিদেশি উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় মার্কিন রাষ্ট্রদূত এ সময় বেশ কিছু কারখানা মালিকের ভূমিকার প্রশংসা করেন। তবে এ প্রক্রিয়ার সঙ্গে যেসব মালিক যুক্ত হননি, তাঁদের সমালোচনা করেন মজীনা।
এ প্রসঙ্গে ড্যান মজীনা পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘বিজিএমইএকে নিশ্চিত করতে হবে সব পোশাকমালিকই এ খাতের সংস্কার-প্রক্রিয়ার অংশ। যেসব মালিক নিরাপত্তা ও শ্রমমানের আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে আগ্রহী নন, তাঁদের কারখানা বন্ধ করে এ খাত থেকে চলে যাওয়া উচিত। আমি মনে করি, শ্রমিকদের শোষণের মাধ্যমে মুনাফা করার কোনো অধিকার তাঁদের নেই। কারণ, এর মধ্য দিয়ে তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার মতো অনিবার্য বিয়োগান্ত পরিণতির মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ও পুরো খাতকে ঝুঁকির মুখে ফেলবেন।’
মার্কিন রাষ্ট্রদূতের মতে, সংশোধিত শ্রম আইনের বিধিমালা বাস্তবায়ন না হলে শ্রমমানের সংস্কারে বাস্তবসম্মত কোনো প্রভাব পড়বে না। ফলে তৈরি পোশাক খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সফল হবে না বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় শ্রম অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সংশোধিত শ্রম আইন-২০১৩-এ যেসব পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে ট্রেড ইউনিয়ন চালু ও শ্রমিক অধিকারের বিষয়ে সংবেদনশীলতা সৃষ্টির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। শ্রম অধিদপ্তরের ৩০ কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন আইএলওর এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে কর্মপরিকল্পনা অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় ড্যান মজীনা বাংলাদেশের প্রশংসা করেন। তবে নতুন করে ২০০ কারখানা পরিদর্শকের নিয়োগ (যাঁদের অধিকাংশ হবেন নারী), কারখানার পরিদর্শন ও নিরাপত্তাজনিত ত্রুটিসংবলিত ডেটাবেইজ, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও ২০১৩-এর বাস্তবায়ন এবং ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর মতো বিষয়গুলো সুরাহার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।