জিএসপি বহাল রাখতে দুই কংগ্রেস সদস্যের সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার-সুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মার্কিন কংগ্রেস সদস্য বেটি ম্যাককলাম ও অ্যাডাম শিফ বলেছেন, তাঁরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। গতকাল বুধবার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে পৃথক বৈঠকে তাঁরা এ আশ্বাস দিয়েছেন বলে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিকে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এ বিষয়ে হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক নিকোলাস ডিনের সঙ্গে কথা বলেছেন।দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জিএসপি-সুবিধা পাওয়া দেশের তালিকা থেকে বাদ পড়লে সম্ভাব্য কী হতে পারে, রাষ্ট্রদূত তা মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে তুলে ধরেন। আকরামুল কাদের বলেন, জিএসপি-সুবিধা তুলে নেওয়া হলে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লাখ লাখ নারী শ্রমিক কর্মহীন হয়ে পড়ে আর্থসামাজিক ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক জিএসপির আওতাভুক্ত না হলেও এ সুবিধা তুলে নেওয়া হলে তা দেশের সার্বিক রপ্তানি-বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাষ্ট্রদূত দুই কংগ্রেস সদস্যের কাছে শ্রমিকদের কল্যাণে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। বেটি ম্যাককলাম ও অ্যাডাম শিফ বাংলাদেশের জন্য জিএসপি অব্যাহত রাখার বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের যথাযথ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন। এদিকে একই দিন বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত আবদুল মুহিত হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাস ডিনকে বাংলাদেশের শ্রম মান সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, মার্কিন শ্রমিক সংগঠনগুলোর ইউনিয়ন এএফএল-সিআইও কর্তৃক মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে দাখিল করা পিটিশনের জবাব তৈরির জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। নিকোলাস ডিন বাংলাদেশের জন্য জিএসপি অব্যাহত রাখার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে শুল্কমুক্ত বাজার-সুবিধা পায়, তার নাম জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স)। শ্রমিকদের কর্মপরিবেশ ও শ্রম অধিকারবিষয়ক অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার এ সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে।