জিএসপি বাতিলে 'ঘরের শত্রু বিভীষণ': প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হা​সিনা । ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হা​সিনা । ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বাতিলের পেছনে কোনো পরাশক্তি নয়, ‘ঘরের শত্রু বিভীষণ’-এর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জিএসপি সুবিধা বাতিলের পেছনে কোনো পরাশক্তির হাত আছে কি না, জানতে চান স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো পরাশক্তি নয়, ঘরের শত্রু বিভীষণ। এ দেশেরই অপশক্তি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’
দেশের অভ্যন্তরের কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, তিনি বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছিলেন। ওয়াশিংটনের কোনো এক অখ্যাত পত্রিকায় একটি দেশবিরোধী নিবন্ধও লিখেছিলেন।’
গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একটি ব্যাংকের সামান্য এমডি পদটি হারানোর পরে তিনি এতই ক্ষিপ্ত হলেন যে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালালেন। প্রধানমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা খুবই সামান্য। কিন্তু বাতিল হওয়াটা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের এটা মনে রাখা দরকার, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বাংলাদেশে তাদের বিনিয়োগ ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের আমলে সেটা ১ দশমিক ২ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়। এখন ২ বিলিয়নের মতো তাদের বিনিয়োগ আছে। আমরাই তাদের সেই সুযোগ করে দিয়েছি। বাংলাদেশের মানুষকে নিয়ে তারা বহু খেলা খেলতে চেয়েছে। একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের হানাদার বাহিনীর পক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু তারা আমাদের বিজয় ঠেকাতে পারেনি।’

দেশের মানুষের মাথা নত হতে দেব না
দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি-জামায়াত উঠেপড়ে লেগেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে না, নিজস্ব দলীয় ও ব্যক্তিস্বার্থ বড় করে দেখে, তারাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধা বাতিল হলেও তা বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশ নতুন নতুন বাজার পাচ্ছে। রপ্তানি বাড়ছে। বিএনপি-জামায়াত আর ব্যাংকের এমডি মিলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য অনেক অপচেষ্টা ও অপকর্ম করেছে। কিন্তু অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি। বাংলাদেশের মানুষের মাথা নত হোক, অন্তত আমার জীবন থাকতে তা হতে দেব না।’
এর আগে যারা লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রে বসে ষড়যন্ত্র করেছে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, তাদের বিচারের আওতায় আনা প্রসঙ্গে কামাল মজুমদারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ বিচারের ভার আমি এ দেশের মানুষের ওপর ছেড়ে দিলাম। বাংলাদেশের মানুষে এদের বিচার করবে।’
এ কে এম রহমত উল্লাহর পক্ষে উত্থাপিত হাজি সেলিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্র ১২২টি দেশকে জিএসপি সুবিধা দিয়েছে। বাংলাদেশকে দেয়নি।’
জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল তার বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাকিগুলোও বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করা যায় জিএসপি সুবিধা ফিরে পাওয়া সম্ভব হবে।