
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিলের জন্য দেশেরই অপশক্তিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি এ কথা বলেন।
জিএসপি (অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) বাতিলের পেছনে কোনো পরাশক্তির হাত আছে কি না—স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোনো পরাশক্তি নয়, ঘরের শত্রু বিভীষণ। এ দেশেরই অপশক্তি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এটা মনে রাখা দরকার, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বাংলাদেশে তাদের বিনিয়োগ ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের আমলে সেটা ১ দশমিক ২ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়। এখন ২ বিলিয়নের মতো তাদের বিনিয়োগ আছে। আমরাই তাদের সেই সুযোগ করে দিয়েছি। বাংলাদেশের মানুষকে নিয়ে তারা বহু খেলা খেলতে চেয়েছে। একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের হানাদার বাহিনীর পক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু তারা আমাদের বিজয় ঠেকাতে পারেনি।’
শেখ হাসিনা বলেন, দেশের অভ্যন্তরে কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, তিনি বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছিলেন। ওয়াশিংটনের কোনো এক অখ্যাত পত্রিকায় দেশবিরোধী একটি নিবন্ধও লিখেছিলেন। আরেকজন একটি ব্যাংকের সামান্য এমডি পদ হারানোর পর ক্ষিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান। জিএসপি-সুবিধা খুবই সামান্য। কিন্তু বাতিল হওয়াটা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি-জামায়াত উঠেপড়ে লেগেছে। যারা দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে না, নিজস্ব দলীয় ও ব্যক্তিস্বার্থ বড় করে দেখে, তারাই এ ধরনের অপপ্রচার চালায়। তিনি বলেন, ‘জিএসপি-সুবিধা বাতিল হলেও তা বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশ নতুন নতুন বাজার পাচ্ছে। রপ্তানি বাড়ছে। বিএনপি-জামায়াত আর ব্যাংকের এমডি মিলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য অনেক অপচেষ্টা ও অপকর্ম করেছে। কিন্তু অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি। বাংলাদেশের মানুষের মাথা নত হোক, অন্তত আমার জীবন থাকতে তা হতে দেব না।’
এ কে এম রহমতউল্লাহর পক্ষে হাজি সেলিমের উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্র ১২২টি দেশকে জিএসপি সুবিধা দিয়েছে, বাংলাদেশকে দেয়নি। জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল, তার বেশির ভাগই বাস্তবায়িত হয়েছে। বাকিগুলোও বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করা যায়, জিএসপি-সুবিধা ফিরে পাওয়া সম্ভব হবে।’
‘যত বয়স তত বড় কেক’: আবদুল মতিন খসরুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল বঙ্গবন্ধুর নামও নেওয়া যেত না। কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হতো না। যারা এসব ঘটিয়েছে, তারাই ১৫ আগস্টে বিশাল কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করে। ১৫ আগস্ট যে কারও জন্মদিন হতে পারে। কিন্তু যার জন্মদিন ১৫ আগস্ট নয়, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যা জন্মদিন পালন করে খুনিদের উৎসাহিত করে ও স্বীকৃতি দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। যত বয়স, তত বড় বিশাল কেক কেটে উৎসব করে জন্মদিন পালন করেন। এটা এখনো পরিবর্তন হয়নি। সময়ের বিবর্তনে পরিবর্তন হয়ে যাবে।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।