জিএসপি চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বিশেষ বাণিজ্যসুবিধা জিএসপির ওপর দেওয়া স্থাগিতাদেশ প্রত্যাহার করতে ওবামা প্রশাসনকে চিঠি দেবে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। মির্জা ফখরুল দাবি করেন, জিএসপি স্থগিত করা নিয়ে তথ্যমন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন। বিএনপি কোথাও কোনো চিঠি দেয়নি। এ বছরের ৩০ জানুয়ারি মার্কিন দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’-এ  বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একটি নিবন্ধ ছাপা হয়। ওই নিবন্ধে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের উদ্দেশে বলেন, ‘তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে পারে, শ্রমিকদের অধিকার রক্ষায় যাঁরা কাজ করছেন বা যাঁরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শের বিরোধী, তাঁদের ওপর দমনপীড়ন চলালে জিএসপি প্রত্যাহার করা হবে।’ 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল শুক্রবার বগুড়ায় বলেছিলেন, খালেদা জিয়া জিএসপি বাতিলে মার্কিন সরকারকে চিঠি লিখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার জিএসপি স্থগিত করেছে।

তথ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন। আমরা কোথাও কোনো চিঠি দিইনি। চিঠি দেওয়ার ইতিহাস তদের (আওয়ামী লীগ) আছে। বিরোধী দলে থাকতে তারা বিশ্বব্যাংক, আইএমএফকে চিঠি দিয়েছিল।’

বিএনপি ক্ষমতায় গেলে জিএসপি ফিরে পেতে কাজ করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি এ জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। জিএসপির ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএনপি শিগগির মার্কিন সরকারকে চিঠি দেবে।

বিএনপির এই নেতা বলেন, সরকার জিএসপি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই এখন বিরোধী দলকে দোষারোপ করা ছাড়া তাদের কোনো উপায় নেই। কেন জিএসপি স্থগিত করা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত তা পরিষ্কার করেছেন।

বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।